শাবির ইইই বিভাগের বিভাগীয় প্রধানকে অপ*সারণের দা*বি, ক্লাস-পরীক্ষা ব*ন্ধ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:২৫ AM

শাবির ইইই বিভাগের বিভাগীয় প্রধানকে অপ*সারণের দা*বি, ক্লাস-পরীক্ষা ব*ন্ধ

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১১/২০২৫ ১১:৩৩:২৬ PM

শাবির ইইই বিভাগের বিভাগীয় প্রধানকে অপ*সারণের দা*বি, ক্লাস-পরীক্ষা ব*ন্ধ

ছবি:সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগে বিভাগীয় প্রধানের আচরণ নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে। ইফতে খাইরুল আমিনের বিরুদ্ধে শিক্ষার্থীরা নানা অভিযোগ এনেছেন এবং প্রতিবাদ স্বরূপ টানা চার দিন ধরে ক্লাস ও পরীক্ষা বর্জন করছেন। বৃহস্পতিবারও স্বাভাবিক একাডেমিক কার্যক্রম স্থগিত ছিল। শিক্ষার্থীদের দাবি, প্রধানকে স্থায়ীভাবে অপসারণ এবং সব সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তারা শ্রেণিকক্ষে ফিরে যাবেন না।

এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন মঙ্গলবার রাতে একটি অফিস আদেশ জারি করে ইফতে খাইরুল আমিনকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে স্কুল অব অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিনকে।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বিভাগের প্রধান শিক্ষার্থী-বান্ধব আচরণ করেন না। কোর্সে পাস বা সার্টিফিকেট প্রদানে হুমকি দেওয়া, অযৌক্তিক কারণে অভিভাবকদের ফোন করা, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সহযোগিতা না করা এবং সাধারণ আলাপচারিতায় ভয় দেখানো,এসব আচরণ দীর্ঘদিন ধরে চলছিল। অভিযোগের প্রমাণ হিসেবে তারা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে শুরু হওয়া আন্দোলনে পরে অন্যান্য বর্ষের শিক্ষার্থীরাও যোগ দেন। গত রোববার থেকে শুরু হওয়া বর্জনের কারণে বিভাগের একাডেমিক কার্যক্রম প্রায় থমকে গেছে।

অভিযোগ অস্বীকার করে ইফতে খাইরুল আমিন বলেন, ‘আমার বিরুদ্ধে যেন আগেই রায় দেওয়া হয়েছে। অভিযোগের কপি দেওয়া হয়নি এবং জবাব দেওয়ার সুযোগও পাইনি। স্বেচ্ছায় দায়িত্ব ছাড়ব না; প্রমাণসহ আমি তদন্তে অংশ নেব।’ তিনি আরও বলেন, তাঁর কথায় কেউ কষ্ট পেলে তিনি দুঃখিত, তবে অভিযোগের সত্যতা যাচাই করা জরুরি।

তদন্ত কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম জানিয়েছেন, বুধবার থেকে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ হলে অভিযোগের সত্যতা ও প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ