ছবি:সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাফলং থেকে ফিরতি একটি টুরিস্ট বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল সহ দুইজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
আটক হওয়া দুইজন হলেন রবিন মাহমুদ (২৫)। তিনি গাজিপুর জেলার কাশিপুর উপজেলার সরদাগাও এলাকার মানিক মিয়ার পুত্র। অপরজন হলেন জাকির হোসেন (৪৫)। তিনি সিরাজগন্জ জেলার চৌহালী থানার মিরকুটিয়া শম্ভুদিয়া এলাকার পেশকার আলি বেপারীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৮ শে নভেম্বর) জৈন্তাপুর মডেল থানা সংলগ্ন তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযানে নামে পুলিশ।
এদিন সন্ধ্যা আনুমানিক ৭:০০ ঘটিকায় জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ উছমান গনির নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স জাফলং হতে টুরিস্ট বোঝাই ফিরতি একটি বাসে তল্লাশী চালায়। এ সময় তল্লাশিতে ১৮২ পিস ভারতীয় কম্বল সহ দুইজনকে আটক করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আনা এই কম্বলগুলো পাচারের কথা স্বীকার করে। পুলিশ জানায় আটককৃত পন্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ৬৪ হাজার টাকা সমপরিমাণ।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ উছমান গনি। তিনি বলেন উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আটক দুইজনকে শনিবার সকালে পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, অভিযানকালে অন্যান্য টুরিস্টদের নিকট খুচরা ক্রয়কৃত কম্বল উপযুক্ত প্রমাণ সাপেক্ষে ছেড়ে দেয়া হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




