ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: এমপি এমরান
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৪৭ PM

ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: এমপি এমরান

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৫/২০২৬ ০২:২৬:৪২ PM

ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: এমপি এমরান


সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের উন্নয়নে আমি সবসময় কাজ করে যাচ্ছি। ব্যবসায়ীদের সমস্যা সমাধান, বাজারের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। ব্যবসায়ীরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের স্বার্থ রক্ষা করা আমাদের দায়িত্ব।

সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ বাজার বণিক সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার সন্ধ্যা ৭টায় গোলাপগঞ্জের সানরাইজ পার্টি সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় এমরান আহমদ চৌধুরী বলেন, গোলাপগঞ্জ বাজারের ঐতিহ্য দীর্ঘদিনের। এ বাজারকে আরও সুসংগঠিত করতে ও আধুনিক ব্যবসাবান্ধব পরিবেশে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি বিলাল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আহাদ ও সদস্য কাওছার আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজনীতিবিদ গোলাম কিবরিয়া শাহিন ও মিনহাজ উদ্দিন চৌধুরী। বক্তারা বলেন, ব্যবসায়ী সমাজ সবসময় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তারা সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আরও বক্তব্য দেন গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির উপদেষ্টা আবুল কাহের সোয়া মিয়া, নজরুল ইসলাম, রাসেল আহমদ ও রাহেল আহমদ। বক্তারা বাজারের বিভিন্ন সমস্যা, যানজট নিরসন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি তুলে ধরেন।

অনুষ্ঠানে গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সকল সদস্য, স্থানীয় ব্যবসায়ী, বাজারের বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানের একপর্যায়ে সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ। পরে অতিথিদের সম্মানে দোয়া ও নৈশভোজের আয়োজন করা হয়।

স্থানীয় ব্যবসায়ীদের মতে, এ ধরনের আয়োজন ব্যবসায়ী সমাজের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করবে এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।

জৈন্তাবার্তা / আরআর