ছবি:সংগৃহীত
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পরিচ্ছন্নতাকর্মীদের নিরলস পরিশ্রমের কারণেই নগর পরিচ্ছন্ন ও বাসযোগ্য থাকে। তাদের কাজের প্রতি সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক বলেও উল্লেখ করেন তিনি।
রোববার (২৪ মে) বিকেলে সিলেট সিটি কর্পোরেশন নগর ভবনে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
মন্ত্রী বলেন, “পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত সুন্দর। আসন্ন পবিত্র ঈদুল আজহায়ও দ্রুত বর্জ্য অপসারণের মাধ্যমে নগরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে।”
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সংকট নিরসনে নতুন কোয়ার্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
সভাপতির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী সিলেটের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এই বিশেষ অনুদান কর্মীদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আধুনিক নগরী গড়ে তুলতে চাই।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. সারওয়ার আলম।
সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৪১ লাখ ৩৫ হাজার টাকা এবং সিসিকের নিজস্ব তহবিল থেকে ১৬ লাখ ৫৫ হাজার টাকাসহ মোট ৫৭ লাখ ৯০ হাজার টাকা বিশেষ অনুদান বিতরণ করা হয়। এর আওতায় সিসিকের ১ হাজার ১৫৮ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




