কোরবানির চামড়া সংরক্ষণে সচেতন হতে হবে- মন্ত্রী খন্দকার মুক্তাদির
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০৭ AM

কোরবানির চামড়া সংরক্ষণে সচেতন হতে হবে- মন্ত্রী খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৫/২০২৬ ১১:০৬:৫৬ PM

কোরবানির চামড়া সংরক্ষণে  সচেতন হতে হবে- মন্ত্রী খন্দকার মুক্তাদির

সংগৃহিত


কোরবানির পশুর চামড়া দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ উল্লেখ করে তা যথাযথভাবে সংরক্ষণের আহ্বান জানিয়েছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির । তিনি বলেন, চামড়া ও চামড়াজাত পণ্য বাংলাদেশের অন্যতম রপ্তানি খাত, যা প্রতি বছর দেশের জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই কোরবানির পর অবহেলা বা অসচেতনতার কারণে যেন কোনো চামড়া নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে।

তিনি বলেন, একটি চামড়া নষ্ট হওয়া মানে শুধু আর্থিক ক্ষতিই নয়, বরং দেশের জাতীয় সম্পদের অপচয়। কোরবানির সময় সঠিকভাবে চামড়া সংগ্রহ ও সংরক্ষণ করা গেলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে এবং সংশ্লিষ্ট শিল্পখাতও লাভবান হবে।

মন্ত্রী মাদ্রাসার শিক্ষক, মুহতামিম, এতিমখানা কর্তৃপক্ষ এবং কোরবানিদাতাদের উদ্দেশে বলেন, পশু জবাইয়ের পর দ্রুত চামড়া সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে জবাইয়ের চার ঘণ্টার মধ্যে চামড়ায় পর্যাপ্ত পরিমাণ লবণ লাগিয়ে রাখতে হবে, যাতে চামড়া পচে বা নষ্ট না হয়। তিনি আরও বলেন, সঠিক নিয়মে সংরক্ষণ করা হলে সিলেট অঞ্চল থেকে চামড়া সংগ্রহ নিশ্চিত করা হবে এবং সংশ্লিষ্টদের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ তৈরি হবে।

তিনি সবাইকে সচেতন হয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, কোরবানির চামড়া সংরক্ষণ শুধু ব্যক্তিগত দায়িত্ব নয়, এটি জাতীয় স্বার্থের সঙ্গেও জড়িত। তাই এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

জৈন্তা বার্তা / ওয়াদুদ