বেড়া টপকে ভা*রতে গিয়ে জে*ল খেটে ফিরলেন তারা
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:০২ AM

বেড়া টপকে ভা*রতে গিয়ে জে*ল খেটে ফিরলেন তারা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৬/২০২৬ ১০:১৪:১৪ PM

বেড়া টপকে ভা*রতে গিয়ে জে*ল খেটে ফিরলেন তারা

ছবি:সংগৃহীত


অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের দায়ে কারাভোগ শেষে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ৭ বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপস্থিতিতে তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।

তামাবিল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তারা ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন। পরে আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোগ করেন।

ফেরত আসা ব্যক্তিরা হলেন- গোয়াইনঘাট উপজেলার সংগ্রামপুঞ্জির পুহস্টার ডেখারের ছেলে রেস্টলি ব্লাহ, সুনামগঞ্জ সদর উপজেলার নইগাঁও গ্রামের সাদির মিয়ার ছেলে মো. মুহিবুর রহমান ও আবদুল কুদ্দুছ, টুকেরবাজার এলাকার মৃত শওকত আলীর ছেলে মানিক আহমদ, চানপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মো. সুহেল আহমেদ, বনগাঁও এলাকার জামাল উদ্দিনের ছেলে মো. আল আমিন এবং সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাই গ্রামের আবদুল হাইয়ের ছেলে বাদশাহ মিয়া।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ জানায়, সাজাভোগ শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো. বজলুর রশিদ বলেন, কারাভোগ শেষে ভারতীয় কর্তৃপক্ষ ৭ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদের স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: