ছবি:সংগৃহীত
পর্তুগালে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের সংগঠন সিলেট বিভাগ গণদাবী পরিষদ, পর্তুগাল শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের হয়রানি বন্ধ এবং যাত্রীসেবার মানোন্নয়নের দাবি জানানো হয়।
গত রোববার স্থানীয় সময় সকাল ১১টায় লিসবনের ‘বাংলার স্বাদ’ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পর্তুগাল শাখার সভাপতি হারুন-আর রশীদ। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সানি সুমন আহমদ।
সভায় সভাপতি হারুন-আর রশীদ বলেন, পর্তুগালে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করে সিলেটের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে সংগঠন কাজ করে যাবে। এ লক্ষ্যে শিগগিরই আরও বৃহত্তর পরিসরে একটি সভার আয়োজন করা হবে।
আলোচনা শেষে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের মধ্যে আগামী ১ সেপ্টেম্বর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সালাম এয়ারের ফ্লাইট পরিচালনার অনুমোদনকে স্বাগত জানানো হয়। এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সিলেটের দুই মন্ত্রীকে অভিনন্দন জানান বক্তারা।
বক্তারা বলেন, সিলেট বিভাগের প্রায় ৪৫ লাখ প্রবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েত, কাতার, দুবাইসহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে একাধিক এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট চালু করা। এতে প্রবাসীরা কম খরচে ও সহজে দেশে যাতায়াতের সুযোগ পাবেন।
সভায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের হয়রানি বন্ধ, যাত্রীদের সঙ্গে আসা স্বজনদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা, আধুনিক টয়লেটসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়।
এ ছাড়া ইউরোপের বিভিন্ন দেশে সিলেট বিভাগ গণদাবী পরিষদের শাখা গঠনের উদ্যোগের কথাও জানানো হয়। সিলেট বিভাগের স্বার্থসংশ্লিষ্ট দাবি-দাওয়া আদায়ে দেশে-বিদেশে বসবাসরত সিলেটবাসীকে সংগঠনের ব্যানারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা।
সভায় সহসভাপতি এ.এইচ.এম. নুরুল হুদা নাহাজ, আমিরুল হক, রুহেল আহমদ, আবুল কালাম, এনামুল হক, লুকমান হোসেন, সহসাধারণ সম্পাদক সাবিবর আহমেদ ও বদরুল আমিন, সাংগঠনিক সম্পাদক দিলদার মিয়া, তথ্য ও প্রচার সম্পাদক আলমগীর হাসান ফারুকী, কোষাধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, দপ্তর সম্পাদক ছালেহ আহমদ, আইনবিষয়ক সম্পাদক কাওসার আহমদ, শ্রম ও পেশাজীবী সম্পাদক আকমল হুসেইন খান, ধর্ম ও প্রবাসী বিষয়ক সম্পাদক হাফিজ সাদিকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া বেগমসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




