সিলেটের শিক্ষা-ঐতিহ্য পুনরুদ্ধারে সম্মিলিতভাবে কাজ করতে হবে : সিসিক প্রশাসক
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:৩৭ PM

স্মাইল লার্নিং সেন্টারের পুরস্কার বিতরণী

সিলেটের শিক্ষা-ঐতিহ্য পুনরুদ্ধারে সম্মিলিতভাবে কাজ করতে হবে : সিসিক প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৬ ০৯:০৪:২৫ PM

সিলেটের শিক্ষা-ঐতিহ্য পুনরুদ্ধারে সম্মিলিতভাবে কাজ করতে হবে : সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একসময় শিক্ষা, সংস্কৃতি ও মেধার বিকাশে সিলেট দেশের অন্যতম অগ্রগামী অঞ্চল ছিল। সময়ের পরিক্রমায় সেই অবস্থান অনেকটাই পিছিয়ে গেছে। সিলেটের গৌরবময় শিক্ষা-ঐতিহ্য পুনরুদ্ধারে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বুধবার (৮ জুলাই) নগরীর ৪০ নম্বর ওয়ার্ডের ছিটা গোটাটিকর এলাকায় স্মাইল লার্নিং সেন্টারের উদ্যোগে আয়োজিত ‘স্মাইল বার্তা’র মোড়ক উন্মোচন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, সমাজের উন্নয়নে নিবেদিতপ্রাণ মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এমন বাস্তবতায় স্মাইল লার্নিং সেন্টারের মতো প্রতিষ্ঠান শিশু-কিশোরদের শিক্ষার ভিত্তি সুদৃঢ় করতে যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে সিলেটের শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না; তাদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। শিক্ষিত, আদর্শবান ও মানবিক নতুন প্রজন্মই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।

এ সময় তিনি ছিটা গোটাটিকর এলাকাসহ ৪০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়নের আশ্বাস দিয়ে বলেন, বর্তমানে ওয়ার্ডটিতে প্রায় ২০ কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে। এলাকাবাসীর প্রয়োজন বিবেচনায় ভবিষ্যতেও নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. দিদার চৌধুরী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের কলেজ পরিদর্শক শেখ মুহাম্মদ নজরুল ইসলাম এবং সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন।

স্মাইল লার্নিং সেন্টারের প্রতিষ্ঠাতা আব্দুল কুদ্দুস রুবেলের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক অনামিকা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রটির ইনচার্জ সজল মালাকার। এছাড়া শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক আরিফুল ইসলাম আরিফ বক্তব্য দেন।

অনুষ্ঠানে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমদ, এয়ারপোর্ট থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমছু, মোগলাবাজার থানা বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত, যুবদলের সাবেক নেতা এনামুল হক লিটন, জিলাদ আহমদ, মারজানুল হক জোসেফ, স্মাইল লার্নিং সেন্টারের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং ছিটা গোটাটিকর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা এবং ‘স্মাইল বার্তা’ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: