জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৪৪ AM

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৭/২০২৬ ১২:৪৪:০০ AM

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওর ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের ভিডিওতে দুই ব্যক্তিকে মাদক সেবন করতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, তাদের একজন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী এবং অপরজন ভিডিওটি প্রথম প্রকাশকারী ফয়জুল ইসলাম। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি ওঠে।

তবে ভিডিওটির সত্যতা কিংবা এতে চেয়ারম্যানের সম্পৃক্ততা এখন পর্যন্ত কোনো সরকারি সংস্থা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সারীঘাট ডুপি গ্রামের ফয়জুল ইসলামের নামে ব্যবহৃত একটি ফেসবুক আইডি থেকে প্রথম ভিডিওটি প্রকাশ করা হয়। পরে সেটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বুধবার নিজপাট ইউনিয়ন পরিষদে আয়োজিত এক ব্যাখ্যামূলক সভায় চেয়ারম্যান মো. ইন্তাজ আলী দাবি করেন, ভিডিওতে তার মতো দেখতে একজন ব্যক্তি থাকলেও সেটি তিনি নন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এছাড়া ভিডিওটি প্রকাশকারী ব্যক্তির সঙ্গে পূর্বের একটি সালিশকে কেন্দ্র করে বিরোধের জের থাকতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে জনমনে সৃষ্টি হওয়া প্রশ্ন এবং জেলা প্রশাসকের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভিডিওটির সত্যতা ও চেয়ারম্যানের সম্পৃক্ততা যাচাইয়ে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক: মো. অলিউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, জৈন্তাপুর। 
সদস্য: শ্যামল চন্দ্র দাস, উপজেলা আইসিটি অফিসার,  মো. চাঁন মিয়া, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিলেট।  মো. ওসমান গনি, পুলিশ পরিদর্শক (তদন্ত), জৈন্তাপুর মডেল থানা।  ডা. সুজেয় চৌধুরী, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জৈন্তাপুর

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন