সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৫০ PM

সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৭/২০২৬ ১২:২৯:৫৪ PM

সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্রে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক ও চিকিৎসক ডা. সুব্রত বিকাশ সাহার (৩৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।

১০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা তল্লাশি অভিযানের পর শুক্রবার (৩ জুলাই) সকালে নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

নিহত সুব্রত বিকাশ সাহা ফেনী জেলার রামগতি উপজেলার বাসিন্দা মিহির লাল সাহার ছেলে। তিনি পেশায় একজন চিকিৎসক।

জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ২টার দিকে তিন বন্ধুর সঙ্গে সাদাপাথর পর্যটনকেন্দ্রে বেড়াতে এসে ধলাই নদীতে গোসল করতে নামেন সুব্রত বিকাশ সাহা। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে গভীর পানিতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন।

ঘটনার পরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল, উপজেলা প্রশাসন, বিজিবি, পুলিশ এবং স্থানীয় লোকজন যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে শুক্রবার সকালে নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের সহায়তায় তা উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, নিখোঁজ হওয়ার পরপরই স্থানীয় প্রশাসনের পর্যটন এলাকার সেবাকর্মী, ফায়ার সার্ভিস, বিজিবি ও পুলিশ উদ্ধার অভিযানে অংশ নেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর রহমান খান জানান, পর্যটক নিখোঁজ হওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ অবস্থান নেয়। সকালে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়ার জন্য থানায় নিয়ে আসা হয়েছে। 

জৈন্তাবার্তা/আরআর