চুনারুঘাটে শালটিলা বন বিটে উপকারভোগী-ভিলেজারদের নিয়ে উঠান বৈঠক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ PM

বন ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয়দের সম্পৃক্ত করার আহ্বান

চুনারুঘাটে শালটিলা বন বিটে উপকারভোগী-ভিলেজারদের নিয়ে উঠান বৈঠক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৬ ০৩:৩৬:৪১ PM

চুনারুঘাটে শালটিলা বন বিটে উপকারভোগী-ভিলেজারদের নিয়ে উঠান বৈঠক

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রঘুনন্দন রেঞ্জের অধীন শালটিলা ফরেস্ট বিটে সামাজিক বনায়নের উপকারভোগী ও ভিলেজারদের নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠক করেছে বন বিভাগ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে রঘুনন্দন রেঞ্জের বনাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত, জীববৈচিত্র্য সংরক্ষণ, বন সম্প্রসারণ এবং বন রক্ষায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

শালটিলা বন বিটের ফরেস্ট কর্মকর্তা মোহাইমিনুল সানীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন রঘুনন্দন রেঞ্জ কর্মকর্তা মো. ফয়সাল আলম। এতে সামাজিক বনায়নের উপকারভোগী, ভিলেজার এবং রঘুনন্দন রেঞ্জের বিভিন্ন বন বিটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ কর্মকর্তা মো. ফয়সাল আলম বলেন, বন রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বনের গাছপালা কাটা বন্ধ, বন্যপ্রাণীর অবাধ বিচরণ নিশ্চিত এবং বনাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, পাহাড় ও টিলা কাটার কারণে অনেক জায়গায় ভূমি দুর্বল হয়ে পড়েছে। ফলে বর্ষা মৌসুমে পাহাড়ধসের ঝুঁকি তৈরি হচ্ছে। সামাজিক বনায়নের গাছপালা যাতে পাহাড়ধসের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলন রোধেও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে।

বন বিভাগের পক্ষ থেকে সামাজিক বনায়নের উপকারভোগীদের বাগান সঠিকভাবে পরিচালনা ও পরিচর্যা এবং এর মাধ্যমে অর্থনৈতিক সুফল অর্জনের বিভিন্ন দিক নিয়েও সচেতন করা হয়।

রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সামাজিক বনায়নের উপকারভোগী ও স্থানীয় ভিলেজারদের সুসম্পর্ক বজায় রাখতে হবে। বনাঞ্চলে কোনো ধরনের বন অপরাধ, গাছ কাটা কিংবা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড দেখা গেলে দ্রুত সংশ্লিষ্ট বিট কর্মকর্তাকে তথ্য দিয়ে সহযোগিতা করা স্থানীয় জনগণের দায়িত্ব।

উঠান বৈঠকে জগদীশপুর বন বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, শাহজীবাজার বন বিটের ফরেস্ট কর্মকর্তা শংকর চন্দ্র বীর, শাহপুর বন বিটের ফরেস্ট কর্মকর্তা রথীন্দ্র কিশোর রায়সহ রঘুনন্দন রেঞ্জের বিভিন্ন বিটের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক বনায়নের উপকারভোগী ও স্থানীয় ভিলেজাররা উপস্থিত ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ