শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত শেষে সিসিকের সংবর্ধনায় রাষ্ট্রপতি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ PM

শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত শেষে সিসিকের সংবর্ধনায় রাষ্ট্রপতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৬ ০৪:৩৪:৪৪ PM

শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত শেষে সিসিকের সংবর্ধনায় রাষ্ট্রপতি

ছবি:সংগৃহীত


সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশন ভবন প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এতে সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। রাষ্ট্রপতিকে সংবর্ধনা দিতে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে মঙ্গলবার সকাল ১১টা ২৭ মিনিটে নির্ধারিত সময়ের ১২ মিনিট পর রাষ্ট্রপতিকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর গাড়িবহর মাজার এলাকায় পৌঁছালে মাজার কর্তৃপক্ষ তাঁকে স্বাগত জানান।

মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। সেখানে তিনি কিছু সময় অবস্থান করেন। পরে তিনি সিলেটের খাদিমপাড়ায় হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

রাষ্ট্রপতির সঙ্গে এ সময় ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যরা, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে নগরজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে সিটি করপোরেশন প্রাঙ্গণ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ