ছবি:সংগৃহীত
দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে চলতি বছর ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে এক হাজার জুলাই যোদ্ধাকে সম্পূর্ণ সরকারি খরচে দেশটিতে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী বলেন, বর্তমান পরিকল্পনা অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানো হবে। তাঁদের মধ্যে এক হাজার জুলাই যোদ্ধা থাকবেন। নির্বাচিত জুলাই যোদ্ধাদের যাতায়াতসহ কর্মসংস্থানসংক্রান্ত যাবতীয় ব্যয় সরকার বহন করবে।
তিনি আরও জানান, চলতি মাসের শেষ দিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হতে পারে। দেশটিতে যেতে আগ্রহী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা সোমবার (১৬ নভেম্বর) প্রকাশ করা হবে।
মন্ত্রী জানান, সাধারণ কর্মীদের জন্য সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা। নির্ধারিত এই ব্যয়ের অতিরিক্ত অর্থ যাতে কোনো রিক্রুটিং এজেন্সি বা মধ্যস্বত্বভোগী আদায় করতে না পারে, সে বিষয়ে মন্ত্রণালয় সতর্ক রয়েছে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ১০ হাজার কর্মী পাঠানো হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোকেও কর্মী পাঠানোর সুযোগ দেওয়া হবে।
এদিকে অভিবাসন ব্যয়ের নামে অতিরিক্ত অর্থ আদায়, প্রতারণা ও সিন্ডিকেট গড়ে তোলার বিষয়ে রিক্রুটিং এজেন্সিগুলোকে কঠোর সতর্কবার্তা দিয়েছে মন্ত্রণালয়। সরকার নির্ধারিত ব্যয়ের বাইরে কোনো অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




