ছবি : সংগৃহীত
দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট সাফে নারীদের চ্যাম্পিয়নশিপের সবশেষ আসরে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। এবার ফাইনালের আগেই নেপালের মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা ছিল। তবে শ্রীলংকাকে নেপাল বড় ব্যবধানে হারানোয় সেই সম্ভাবনা আর বাস্তবে রূপ নিলো না।
টুর্নামেন্টে নিজেদের গ্রুপের শেষ ম্যাচে গতকাল ভারতকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। ‘এ’ গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে ওঠে ভারতও। অন্যদিকে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ায় স্বাগতিক নেপালের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের রানার্স আপ ভারত। আর বাংলাদেশ পেল নেপালের তুলনায় সহজ প্রতিপক্ষ ভুটানকে।
২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমিফাইনালে এই ভুটানকেই হারিয়েছিলেন সাবিনারা। তবে এবারের ভুটান আগের তুলনায় শক্তিশালী। প্রথম ম্যাচে শক্তিশালী নেপালকে গোলশূন্য সমতায় রুখে দেয় তারা। এরপর শ্রীলংকার বিপক্ষে ৪-১ গোলে জয়ের পর মালদ্বীপের জালে বল পাঠায় গুনে গুনে ১৩বার।
অন্যদিকে, ভুটানের বিপক্ষে ড্রয়ের পর মালদ্বীপের সঙ্গে ১১-০ গোলে জেতে নেপাল। আজ শ্রীলংকাকে হারায় ৭-০ গোলে। ৩ ম্যাচে নেপাল ও ভুটানের সমান ৭ পয়েন্ট হলেও এক গোলের ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়ন হয় নেপাল।
আগামী ২৭ অক্টোবর (রবিবার) দুপুরে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক নেপালের প্রতিপক্ষ ভারত। টুর্নামেন্টের ফাইনাল ৩০ অক্টোবর।
জৈন্তাবার্তা / রহমান




