ছবি: সংগৃহীত
হার দিয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় টাইগাররা। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। তবে ইনিংস বড় করতে পারেননি তারা।
তাদের বিদায়ে পাওয়ার প্লের ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সোমবার (১১ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার।
মাঝে দুইবার জীবন পান তানজিদ তামিম। তবে একপ্রান্তে সাবলীল ব্যাটিং করতে থাকেন সৌম্য। আফগান বোলারদের ওপর চড়াও হন তিনি। ৫০ রানের জুটি গড়েন এই দুই টাইগার ওপেনার।
তবে দলীয় ৫৩ রানে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। ২৩ বলে ২৪ রান করে আউট হন সৌম্য। আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি।
সৌম্যের বিদায়ের পর সাজঘরের পথ ধরেন তানজিদ তামিম। মোহাম্মদ নবির বলে হাশমতুল্লাহ শাহীদির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ২৯ বলে ১৯ রান করেন এই ওপেনার।
জৈন্তাবার্তা / জারা




