সিলেট দিয়ে দুই সপ্তাহে ভা র ত থেকে পু শ ই ন ১৯৪ জন
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:০৫ PM

সিলেট দিয়ে দুই সপ্তাহে ভা র ত থেকে পু শ ই ন ১৯৪ জন

জৈন্তাবার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৫/২০২৫ ০৯:৩৯:৫৭ AM

সিলেট দিয়ে দুই সপ্তাহে ভা র ত থেকে পু শ ই ন ১৯৪ জন

প্রতীকী ছবি


সিলেট অঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে দুই সপ্তাহে ভারত থেকে পুশইন করা হয়েছে ১৯৪ জনকে। তাদের মধ্যে সর্বশেষ গতকাল বুধবার কানাইঘাট ও বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে ৬০ জনকে পুশইন করা হয়। 

সিলেটে দুই সীমান্ত দিয়ে বুধবার ৬০ জনকে পুশইন করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকালে কানাইঘাট উপজেলার আটগ্রাম সীমান্ত এলাকা দিয়ে ১৬ জনকে পুশইন করা হয়। পরে সকাল ৮টার দিকে ১৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ ৬ জন নারী ও ২ জন শিশু। তাদের বয়স আনুমানিক ৫ থেকে ৫৫ বছরের মধ্যে। 

একই সময়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৪৪ জনকে পুশইন করেছে বিএসএফ। বুধবার ভোরে বিএসএফ তাদের পুশইন করে। 

বিজিবি জানায়, আটক ব্যক্তিরা নিজেদের বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন। তবে দীর্ঘদিন ধরে তারা ভারতের অভ্যন্তরে অবৈধভাবে বসবাস করে আসছিলেন। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তারা কোন পথে ভারতে গিয়েছিলেন, কিভাবে সেখানে বসবাস করছিলেন, এসব তথ্য প্রাথমিকভাবে যাচাই করছে বিজিবি। 

তথ্য অনুযায়ী, গত ৭ মে থেকে বুধবার ১৪ মে পর্যন্ত বাংলাদেশের চার জেলার সীমান্ত দিয়ে ভারত থেকে ২৮৮ জনকে পুশইন করা হয়েছে। এর মধ্যে ১৬ জনকে সিলেট, ১১৮ জনকে মৌলভীবাজার, ৬৬ জনকে খাগড়াছড়ি, ৭৮ জনকে সাতক্ষীরা এবং ১০ জনকে মেহেরপুর সীমান্ত দিয়ে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি টহল জোরদার করেছে। এরই অংশ হিসেবে সকালে আটগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এই ১৬ জনকে আটক করা হয়েছে। 

তিনি জানান, বিষয়টি নিয়ে বিএসএফের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি যাদের পুশইন করা হয়েছে তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। 

এদিকে একই দিনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্তে নারী ও শিশুসহ আরও ৪৪ জনকে পুশইন করেছে বিএসএফ। গতকাল বুধবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের পুশইন করে। পরে বিজিবি তাদের আটক করে। 

এর আগে গত ৬ ও ৭ মে শতাধিক মানুষকে বিএসএফ পুশইন করে। এসময় বিজিবি ৫৯ জনকে আটক করে। পরে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পুশইন ঠেকাতে বড়লেখা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৮ জন নারী ও ১৩ শিশু রয়েছে। 

আটকরা জানিয়েছে, তারা কাজের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে। তারা জানান, সীমান্তের ওপারে আরও মানুষকে আটক করে রেখেছে বিএসএফ। তাদেরও অবৈধভাবে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে তারা। 

এ বিষয়ে বিজিবি-৫২ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, ৪৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে নারী-শিশু আছে। নিশ্চিত হওয়া গেছে, তাঁরা বাংলাদেশি। তাদের বাড়ি নীলফামারী, কুড়িগ্রামের দিকে। সবাইকে পুলিশের কাছে সোপর্দ করা হবে। 

তিনি বলেন, ‘সম্পূর্ণ ক্ষমতা দিয়ে পুশব্যাক ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমাদের এরিয়া বড়, পাহাড়ি এলাকা। একটা পিলার থেকে আরেক পিলারে যেতে এক ঘণ্টা সময় লাগে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: