সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এই সহায়তা প্রদান করা হয়।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মির্জা মোহাম্মদ আবু সাইদ, বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, বিএনপির যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন, যুবদল নেতা আলতাব হোসেন, শাল্লা ডিগ্রি কলেজ ছাত্রদেলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাহুল সরকার প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী শাল্লা উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা কর্মসুচির আওতায় প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে তিন হাজার করে নগদ অর্থ ও ১৫ কেজি করে চাল দেয়া হয়েছে। এই কার্যক্রমটি বাহাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এই মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কিছুদিনের মধ্যেই পূর্নাঙ্গভাবে বিতরণ সম্পন্ন করা হবে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। কৃষকদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, শাল্লা উপজেলার ৪টি ইউনিয়নে ১০ হাজার ১২৫ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ৩ হাজার টাকা ও ১৫ কেজি চালসহ হাওর মানবিক সহায়তা কার্ড টানা তিন মাস প্রদান করা হবে।
মানবিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা সন্তোষ প্রকাশ করে বলেন, দুইদিন পরে ঈদ। এমন সময়ে মানবিক সহায়তা পেয়ে আমরা আনন্দে ঈদ পালন করতে পারবো।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
জৈন্তাবার্তা/আরআর




