ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

সিলেটসহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সভায় আইন বাস্তবায়নে গুরুত্বারোপ

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/১১/২০২৬ ০৯:৫৯:৫৩ অপরাহ্ন

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন

ছবি:সংগৃহীত


উন্নয়ন কর্তৃপক্ষের আইন কার্যকর হওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় ভবন নির্মাণের নকশা অনুমোদনের এখতিয়ার সিটি করপোরেশনের নেই। তাই ভূমির ছাড়পত্র প্রদান, নকশা অনুমোদন ও ইমারত নির্মাণসংক্রান্ত কার্যক্রমে সেবাগ্রহীতাদের বিভ্রান্তি এবং ভবিষ্যৎ আইনি জটিলতা এড়াতে নবসৃষ্ট পাঁচটি উন্নয়ন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোর মধ্যে সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার।

সোমবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।

সভায় নবসৃষ্ট সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানরা সংশ্লিষ্ট আইনের বিধান তুলে ধরে বলেন, আইন কার্যকর হওয়ার পর থেকে সংশ্লিষ্ট এলাকায় পৌরসভা বা সিটি করপোরেশনের নকশা অনুমোদনের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। তবে সিটি করপোরেশনগুলো এখনো নকশা অনুমোদনের আবেদন গ্রহণ করছে। পাশাপাশি উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর সিটি করপোরেশনে থাকা পূর্ববর্তী নথিপত্রও যথাযথভাবে হস্তান্তর করা হয়নি।

সভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ইমারত নির্মাণ বিধিমালা ও বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ২০২০ অনুযায়ী ভবন নির্মাণের ক্ষেত্রে অকুপেন্সি সার্টিফিকেট গ্রহণ বাধ্যতামূলক। কিন্তু সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কাছ থেকে প্রয়োজনীয় তালিকা না পাওয়ায় এ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে সিটি করপোরেশন থেকে কোনো ভবনের নকশা অনুমোদন দেওয়া হলে ভবিষ্যতে তা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সে ক্ষেত্রে অনুমোদনটি আইনগতভাবে অকার্যকর বা অননুমোদিত হিসেবে বিবেচিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে সাধারণ মানুষ আইনি জটিলতা ও চরম ভোগান্তির শিকার হতে পারেন।

সিউক চেয়ারম্যানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার জানান, উন্নয়ন কর্তৃপক্ষ আইন কার্যকর হওয়ার পর সিটি করপোরেশনে নকশা অনুমোদনের আবেদন গ্রহণ করা হলেও এ বিষয়ে কোনো অনুমোদন সভা অনুষ্ঠিত হয়নি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবরা সভায় বলেন, একই ধরনের সেবা দুটি পৃথক কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হলে ভবিষ্যতে আইনি জটিলতা তৈরি হতে পারে। সংশ্লিষ্ট আইন অনুযায়ী, সিটি করপোরেশনের নাগরিকদের কাছ থেকে এ ধরনের আবেদন গ্রহণ আইনসম্মত হবে না বলেও তাঁরা মত দেন।

এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিটি করপোরেশনগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান যথাযথভাবে প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভাপতির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান বলেন, উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর আইন অনুযায়ী নির্ধারিত বিষয়গুলো অন্য কোনো প্রতিষ্ঠানের বাস্তবায়নের সুযোগ নেই। ভূমি ও ভবনসংক্রান্ত সেবা সহজ করা এবং নাগরিকদের ভোগান্তি কমাতে সিটি করপোরেশনগুলোর সঙ্গে কার্যক্রমের সমন্বয় নিশ্চিত করতে হবে।

তিনি সিটি করপোরেশনে জমা থাকা নকশাসংক্রান্ত নথিপত্র দ্রুত উন্নয়ন কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দেন। একই সঙ্গে সিটি করপোরেশন ইতোমধ্যে যেসব ভবনের অনুমোদন দিয়েছে, সেগুলোর তদারকির দায়িত্বও উন্নয়ন কর্তৃপক্ষের বলে উল্লেখ করেন।

সভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী ছাড়াও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) মো. সামসুজ্জামান সামু, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) মোতাহার হোসেন তালুকদার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) মো. উদবাতুল বারী আবু, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (নাউক) মাসুকুল ইসলাম রাজীব এবং সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল