ছবি:সংগৃহীত
সিলেট নগরীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাতজনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রোববার (১৫ নভেম্বর) নগরীর মদিনা মার্কেট এলাকার আল মদিনা আবাসিক এলাকা এবং রিকাবীবাজারের স্টেডিয়াম মার্কেট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে সোমবার (১৬ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশ মদিনা মার্কেটের আল মদিনা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে চারজন শিশু, যারা আইনের সঙ্গে সংঘাতে জড়িত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে, একই দিন সকাল সাড়ে ১১টার দিকে রিকাবীবাজার পয়েন্টসংলগ্ন স্টেডিয়াম মার্কেট এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় মো. মাহমুদুর রহমান (১৯) নামে আরও একজনকে আটক করে পুলিশ। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার নরসিংহপুর গ্রামের ফারুক আহমেদ ও কহিনুর বেগমের ছেলে। বর্তমানে তিনি নগরীর লামাবাজার এলাকায় বসবাস করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে মদিনা মার্কেট এলাকা থেকে আটক ছয়জনের মধ্যে দুজনের পরিচয় উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন—ইমরান আহমদ (১৮), পিতা আফতাব আলী, মাতা মমতা বেগম। তাঁর বাড়ি সিলেটের জালালাবাদ থানার নোয়াগাঁও, টুকেরবাজার এলাকায়। বর্তমানে তিনি জালালাবাদ আবাসিক এলাকায় থাকেন।
অপরজন ইমরান আহমদ (১৮), পিতা সুহেল আহমদ, মাতা লিপা বেগম। তাঁর বাড়ি নেত্রকোনার খালিয়াজুরী থানার বলদী গ্রামে। বর্তমানে তিনি নগরীর আল মদিনা আবাসিক এলাকার কামাল মিয়ার বাসায় থাকেন।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




