জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

না/শকতার পরিকল্পনায় আওয়ামী লীগের চার ‘মাস্টারমাইন্ড’ চিহ্নিত, গোয়েন্দা তালিকায় আরও ১৯ নেতা

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৬ ১০:৫২:৩০ অপরাহ্ন

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ

ছবি:সংগৃহীত


সিলেটের জাফলং ও মৌলভীবাজারের শমশেরনগরসহ দেশের ছয়টি সীমান্তপথ দিয়ে কয়লার চালানের আড়ালে বিস্ফোরক তৈরির উপাদান দেশে আনার অভিযোগ উঠেছে। গোয়েন্দা প্রতিবেদনের বরাতে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব উপাদান ব্যবহার করে দেশের বিভিন্ন দুর্গম এলাকায় ককটেল তৈরি করা হচ্ছে। পরে রাজধানীর কয়েকটি স্থান থেকে সেগুলো দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে।

দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চারজনকে মূল পরিকল্পনাকারী বা ‘মাস্টারমাইন্ড’ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে দলটির শীর্ষ ও মধ্যম সারির আরও ১৯ নেতার নাম গোয়েন্দা তালিকায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। তালিকায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র, দলীয় নেতা এবং সহযোগী সংগঠনের নেতাদের নাম রয়েছে।

সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্রের দাবি, নাশকতার পরিকল্পনা, অর্থায়ন, বিস্ফোরক সরবরাহ ও মাঠপর্যায়ে কর্মকাণ্ড পরিচালনায় কয়েকটি স্তরে একটি চক্র কাজ করছে। এসব কর্মকাণ্ডে কয়েকজন পোশাক কারখানার মালিক ও প্রভাবশালী ব্যবসায়ীর অর্থায়নের অভিযোগও রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী রোববার গণমাধ্যমকে বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িত কেউই পার পাবে না। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চলমান অভিযান আরও কঠোর করা হবে।

ছয় সীমান্তপথে বিস্ফোরক আনার অভিযোগ

গোয়েন্দা প্রতিবেদনের বরাতে বলা হয়েছে, সিলেটের জাফলং, মৌলভীবাজারের শমশেরনগর, বুড়িমারী ও নাকুগাঁও স্থলবন্দর এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া সীমান্তবর্তী এলাকা দিয়ে কয়লার চালানের সঙ্গে বিস্ফোরক তৈরির উপাদান দেশে আনা হচ্ছে।

এসব উপাদান দিয়ে শরীয়তপুরের নড়িয়া, জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলসহ দুর্গম এলাকায় ককটেল তৈরি করা হচ্ছে বলে গোয়েন্দা সূত্রের দাবি। পরে রাজধানীর রূপনগর, কালশী, মোহাম্মদপুর বেড়িবাঁধ, বোটানিক্যাল গার্ডেন ও গুলিস্তান এলাকা থেকে এসব বিস্ফোরক দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় সাবেক যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট, হাজী সেলিম, জাহাঙ্গীর কবির নানক ও জাহাঙ্গীর আলমের নাম অর্থদাতা ও সমন্বয়কারী হিসেবে উল্লেখ করা হয়েছে। নারায়ণগঞ্জ অঞ্চলে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. ইমন মিয়া এবং চট্টগ্রাম অঞ্চলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক কাউন্সিলর শৈবাল দাস সুমন ও ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নাম রয়েছে।

চারজনকে মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত

গোয়েন্দা সূত্রের দাবি, নাশকতার মূল পরিকল্পনাকারী হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নাম রয়েছে।

শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দেওয়ার অভিযোগে তালিকায় আরও ১১ জনের নাম রয়েছে। তাঁরা হলেন-ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রণজিত সরকার, হাবিবুর রহমান হাবিব, নজরুল ইসলাম বাবু, মাইনুল হোসেন খান নিখিল ও মির্জা আজম। এ ছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নামও রয়েছে।

মধ্যম পর্যায়ে নেতৃত্ব ও সমন্বয়ের অভিযোগে তালিকাভুক্ত আটজন হলেন—লিটন চৌধুরী, ইকবাল হোসেন অপু, এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক নেতা গাজী জাফর উল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য শেখ নওশাদ সরোয়ার পিন্টু, তিতুমীর কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদ এবং মাগুরার শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোয়ারদার স্বর্ণালী।

নভেম্বরের প্রথম দুই সপ্তাহে তৎপরতা বেড়েছে

গোয়েন্দা ও দাপ্তরিক পরিসংখ্যানের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন তৎপরতা বেড়েছে। অক্টোবরে ৫৭টি কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলেও নভেম্বরের প্রথম ১৪ দিনে এ সংখ্যা দাঁড়িয়েছে ২৮১টিতে।

পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরে ২২টি ঝটিকা মিছিলের ঘটনা ঘটলেও নভেম্বরের প্রথম দুই সপ্তাহে হয়েছে ৪০টি। একই সময়ে ককটেল বিস্ফোরণের ঘটনা চারটি থেকে বেড়ে ১০টিতে দাঁড়িয়েছে। নভেম্বরের প্রথম ১৪ দিনে অগ্নিসংযোগের একটি, কুশপুত্তলিকা দাহের পাঁচটি এবং আতশবাজি ফোটানোর ৪৯টি ঘটনা নথিভুক্ত হয়েছে।

এ ছাড়া অক্টোবরে দুটি মশাল মিছিল ও চারটি বিক্ষোভ মিছিলের তথ্য পাওয়া গেলেও নভেম্বরের প্রথম দুই সপ্তাহে মশাল মিছিল হয়েছে ১০টি এবং বিক্ষোভ মিছিল ১৫টি। মিছিল, জন্মদিন উদযাপন ও কেক কাটার ভিডিও অনলাইনে প্রচারের ঘটনাও বেড়েছে। অক্টোবরে এ ধরনের সাতটি ঘটনা থাকলেও নভেম্বরের প্রথম ১৪ দিনে তা বেড়ে ৩১টিতে দাঁড়িয়েছে।

গোয়েন্দা সূত্রের দাবি, গোপন বৈঠক, পোস্টারিং, দোয়া মাহফিল, কেক কাটা ও যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মতো কর্মসূচিও পালন করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে এসব কর্মকাণ্ডের বেশির ভাগ রাতের আঁধারে বা ছোট পরিসরে পরিচালিত হচ্ছে।

ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ থেকে ১১ নভেম্বর আদাবর, শাহবাগ, মিরপুর, মালিবাগ ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনা ঘটে। ৮ নভেম্বর রাতে মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কার্যালয় এবং মিরপুরের রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। মিরপুরের ঘটনায় আশরাফুল ও রিকশাচালক হৃদয় শেখকে আটক করে পুলিশ।

আদালতে দেওয়া হৃদয়ের জবানবন্দির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক যুবলীগ নেতা জাহাঙ্গীরের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী শিপন ও ইব্রাহিমের মাধ্যমে ককটেল সংগ্রহ করা হয়েছিল। এ ছাড়া ৯ নভেম্বর ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে বিস্ফোরণের ঘটনায় ফয়সাল ও সুকুমারকে আটক করা হয়। ওই ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের মাইদুল ও রাসেলের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

এ ছাড়া রাজধানীর কড়াইল ও চলন্তিকাসহ বিভিন্ন বস্তির লোকজনকে মাত্র ৫০০ টাকার বিনিময়ে নাশকতামূলক কাজে ব্যবহার করার অভিযোগও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারের উপকমিশনার আকতার হোসেন বলেন, কয়েকটি ঘটনায় হাতেনাতে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল ও এর অঙ্গসংগঠনের সদস্যদের জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানোর তথ্য পাওয়া গেছে। প্রতিটি ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী