সিলেটে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের ৫০তম সুবর্ণজয়ন্তী উদযাপন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০৫ PM

সিলেটে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের ৫০তম সুবর্ণজয়ন্তী উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৬/০৫/২০২৫ ১১:১৭:৩২ AM

সিলেটে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের ৫০তম সুবর্ণজয়ন্তী উদযাপন

ছবি : সংগৃহীত


বর্ণাঢ্য আয়োজন ও প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উদযাপিত হলো বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের ৫০তম সুবর্ণজয়ন্তী। শুক্রবার (১৬ মে) বিকেলে সিলেট প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানটি মণিপুরি সংস্কৃতি, কবিতা পাঠ, আলোচনা সভা ও স্মারকগ্রন্থ মোড়ক উন্মোচনের মাধ্যমে এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলায় রূপ নেয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের আহ্বায়ক এল প্রশান্ত কুমার সিংহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্তীপ কুমার সিংহ, সিনিয়র সাংবাদিক ও সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর এবং সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।

আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক নামব্রম শংকর, নীহার রঞ্জন শর্মা ও কে এইচ সমেন্দ্র সিংহ। বক্তব্য রাখেন কবি ও গবেষক এ কে শেরাম, কে এম চন্দ্র মোহন সিংহ, এম বীরেন্দ্র সিংহ, অধ্যক্ষ (অব.) নিয়াজ উদ্দিন, শিক্ষক নাসিমা চৌধুরী, বামাসাস কমলগঞ্জ শাখার সভাপতি এল ইবুংহল সিংহ শ্যামল এবং বিশগাঁও শাখার সহ-সভাপতি শেরাম অঞ্জন।

বক্তারা বলেন, "পঞ্চাশ বছরের এই পথচলা শুধুই সময়ের হিসাব নয়, এটি একটি জাতির ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের দৃঢ় অভিব্যক্তি। বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ আগামী প্রজন্মকে শিকড়ের সঙ্গে সংযুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।"

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় কবি সম্মেলন। এতে সভাপতিত্ব করেন কবি রওশন আরা বাঁশী খুৎহৈবম এবং সঞ্চালনায় ছিলেন কবি অয়েকপম অঞ্জু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সুমন বণিক ও কবি রাহনামা শাকীর চৌধুরী। বাংলা ও মণিপুরি ভাষায় অর্ধশতাধিক কবি তাঁদের স্বরচিত কবিতা পাঠে অংশ নেন।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব শুরু হয় শিশু শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীত দিয়ে। এরপর পরিবেশিত হয় দুটি কোরাস সংগীত ও একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টস (এমকা)-এর পরিবেশনায় মনোমুগ্ধকর মণিপুরি নৃত্য।

এ উপলক্ষে প্রকাশিত হয় স্মারক সংকলন ‘মৈরা’-এর ৬৫তম সংখ্যা, যার মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে। একইসাথে মোড়ক উন্মোচন করা হয় সাধারণ সম্পাদক নামব্রম শংকরের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মানুষ তুমি’-এর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের লেখক, গবেষক, কবি, সাংস্কৃতিককর্মী ও গণমাধ্যমকর্মীরা। সুবর্ণজয়ন্তীর এই আয়োজনে মণিপুরি জনগোষ্ঠীর সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের পর্দা নামে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ: