মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘ফ্রন্টিয়ার টেকনোলজি স্কিলস’ শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৩০ PM

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘ফ্রন্টিয়ার টেকনোলজি স্কিলস’ শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৯/০৫/২০২৫ ১০:২৫:৪৮ AM

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘ফ্রন্টিয়ার টেকনোলজি স্কিলস’ শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন

ছবি: সংগ্রহীত


মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আয়োজনে Frontier Technology Skills – Scholarship Awarding Ceremony অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্ভাবনী প্রযুক্তিভিত্তিক দক্ষতা অর্জনের স্বীকৃতিস্বরূপ এই অনুষ্ঠানে ৭০ জনের অধিক শিক্ষার্থীকে বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়। তারা সফলভাবে আইওটি (Internet of Things), রোবটিক্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন ফ্রন্টিয়ার টেকনোলজি কোর্স  করবেন ।

এই কর্মসূচি  ফিউচারনেশন (Futurenation) কর্তৃক বাস্তবায়িত হয়। সহযোগিতায় ছিল বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা), গ্রামীণফোন এবং ইউএনডিপি (ইউনাইটেড ন্যাশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফা। এছাড়াও অনুষ্ঠানে ইইই ডিপার্টমেন্টের সকল ফ্যাকাল্টি মেম্বার উপস্থিত ছিলেন।

মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউএনডিপি সিলেটের রিজিওনাল ম্যানেজার কুরেশি তানিম। তিনি তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বলেন, ‘বিশ্ব এখন দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর এক বাস্তবতার মধ্য দিয়ে এগোচ্ছে। যারা এই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারবে, তারাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে। Frontier Technology Skills প্রোগ্রামের মতো উদ্যোগ শিক্ষার্থীদের শুধু প্রযুক্তিগত দক্ষতা দেয় না, বরং তাদের আত্মবিশ্বাস, সমস্যা সমাধানের ক্ষমতা এবং উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ ঘটায়।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের তরুণদের মাঝে অপার সম্ভাবনা রয়েছে। ইউএনডিপি সবসময়ই চায় এ ধরনের কর্মসূচির মাধ্যমে তাদের সেই সম্ভাবনাকে জাগিয়ে তুলতে। প্রযুক্তি শুধু চাকরি পাওয়ার মাধ্যম নয়, এটি সমাজ বদলের হাতিয়ার। এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেদের যোগ্যতায় দেশ ও জাতির জন্য গর্বের কারণ হবে বলে আমি বিশ্বাস করি।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইইই বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক নাওশাদ আহমেদ চৌধুরী। তিনি বলেন, ‘প্রযুক্তি এখন শুধু ভবিষ্যতের বিষয় নয়, এটি বর্তমানের প্রয়োজন। ফ্রন্টিয়ার টেকনোলজি স্কিলস প্রোগ্রামের মাধ্যমে আমরা চাই শিক্ষার্থীরা কেবল চাকরি খোঁজার মানুষ না হয়ে, প্রযুক্তির উদ্যোক্তা হয়ে উঠুক।’

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফা বলেন, ‘একবিংশ শতাব্দী দক্ষতার শতাব্দী। এখন আর শুধু সার্টিফিকেট অর্জন করলেই চলবে না; প্রয়োজন বাস্তব দক্ষতা, প্রয়োজন গ্লোবাল ভিশন। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা শুধু জ্ঞানী নয়, বরং যুগোপযোগী হোক – এমন প্রযুক্তিবিদ হয়ে উঠুক, যারা দেশ ও জাতিকে পরিবর্তনের পথে এগিয়ে নেবে।”’

অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন ইইই ডিপার্টমেন্টের শিক্ষার্থী সায়াদ। ইইই বিভাগের এই আয়োজন শিক্ষার্থীদের প্রযুক্তি জগতে দক্ষ করে গড়ে তুলতে এক অনন্য পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়। অতিথিবৃন্দ ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

জৈন্তাবার্তা / রহমান