ছবি: সংগৃহীত
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে ৩৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে। বুধবার (২৮ মে) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত এ সড়কে থেমে থেমে চলছে বিভিন্ন ধরনের যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরোড মোড় হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ দশমিক ৫৮ কিলোমিটার মহাসড়কে চলমান উন্নীতকরণ কাজটি ২০১৭ সাল থেকে ধীরগতিতে চলছে। নানা কারণে মাঝে কয়েক দফায় কাজ বন্ধ ছিল। এ কারণে সরাইল বিশ্বরোড মোড় সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহনগুলো ধীরগতিতে চালাতে হচ্ছে। এতে প্রায় প্রতিদিন সেখানে যানজট লেগে থাকে।
১৯ ও ২০ মে টানা দুদিন মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সরাইল উপজেলা প্রশাসন, সরাইল থানার পুলিশ ও হাইওয়ে থানার পুলিশ ইট-বালি দিয়ে গর্ত ভরাট করে যান চলাচল স্বাভাবিক করে। কয়েক দিনের বৃষ্টিতে আবার সেখানে গর্তের সৃষ্টি হয়। ফলে বুধবার সকাল থেকে থেমে যানজট চলছিল। দুপুরের দিকে ঢাকা থেকে হবিগঞ্জগামী পণ্যবাহী একটি কাভার্ডভ্যান সড়কে বিকল হয়ে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এক ঘণ্টাপর বিকল কাভার্ডভ্যানটি সরিয়ে নিলে ধীরে ধীরে যানচলাচল শুরু হয়। ততক্ষণে মহাসড়কের ৩৪ কিলোমিটার অংশজুড়ে যানজট ছড়িয়ে পড়ে। বেলা একটার পর যানজট কুমিল্লা-সিলেট মহাসড়ক ও সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক ছড়িয়ে পড়েছে। রাত ৮টায়ও এ মহাসড়কে যানজট রয়ে গেছে।
জৈন্তাবার্তা / রহমান




