ছবি : সংগৃহীত
সিলেটে চোরাই ও অবৈধ পণ্যের প্রবেশ ঠেকাতে অভিযান পরিচালনা করছে মোবাইল কোর্ট। বৃহস্পতিবার রাত ৮টা থেকে সিলেটের এয়ারপোর্ট বাইপাস সড়কে এ অভিযান শুরু হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুর রহমান। অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরাও অংশগ্রহণ করেন।রাতভর চলা এ অভিযানে বিভিন্ন পণ্যবাহী যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় একটি পাথর বোঝাই ট্রাককে চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। তবে ট্রাকের চালক পাথর পরিবহনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মোবাইল কোর্ট ট্রাকটি পাথরসহ জব্দ করে।
জানা যায়, সীমান্তবর্তী অঞ্চল দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য দেশে প্রবেশ করছে এমন তথ্যের ভিত্তিতে এই চেকপোস্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে। ঈদ-উল-আযহাকে সামনে রেখে চোরাই পথে যেন কোনো পশু বা অবৈধ পণ্য প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে এই কঠোর নজরদারি।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুর রহমান বলেন, “ঈদের আগে যাতে চোরাইপথে কোনো পশু বা পণ্য সিলেটে প্রবেশ করতে না পারে, সে জন্যই এই অভিযান চালানো হচ্ছে। অবৈধ পণ্যের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।”
জৈন্তাবার্তা / রহমান




