সিলেটে সভার মঞ্চে তর্কে জড়ালেন আরিফ ও লোদী
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:২৪ AM

সিলেটে সভার মঞ্চে তর্কে জড়ালেন আরিফ ও লোদী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৫/২০২৫ ০১:১০:০২ AM

সিলেটে সভার মঞ্চে তর্কে জড়ালেন আরিফ ও লোদী


সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় দলের শীর্ষ দুই নেতার মধ্যে প্রকাশ্য বাকবিতণ্ডা ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় সিলেট নগরীর দরগাহ গেট এলাকার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে আয়োজিত সভার একটি ভিডিও রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হলে এ নিয়ে তোলপাড় শুরু হয়।

বাকবিতণ্ডায় জড়ানো দুই নেতা হলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।

জানা যায়, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আরিফুল হক দলের কয়েকজন সিনিয়র নেতা অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ দিনে দলের শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিত না থাকা অত্যন্ত দুঃখজনক এবং তা দলের ঐক্যের জন্য অশনিসংকেত।

তার বক্তব্যের পর সভার সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বক্তব্য রাখতে উঠে বলেন, এখানে হলভর্তি নেতাকর্মী রয়েছেন, যারা আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এত নেতাকর্মীর উপস্থিতির মধ্যেও অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলার প্রয়োজনীয়তা কী। তিনি ফেসবুক লাইভ বন্ধ রাখার অনুরোধ জানিয়ে বলেন, তিনি কিছু স্পষ্ট কথা বলবেন।

এসময় হঠাৎ করে আরিফুল হক চেয়ার ছেড়ে দাঁড়িয়ে রেজাউল লোদীর দিকে অগ্রসর হয়ে বলেন, আমি একটা প্রসঙ্গে বক্তব্য দিয়েছি, আপনি কেন ভিন্ন প্রসঙ্গে যাচ্ছেন?

এর পরপরই দুজনের মধ্যে সরাসরি বাকবিতণ্ডা শুরু হয়, যা কয়েক মিনিট পর্যন্ত চলে।

বিষয়টি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর বিএনপির এক শীর্ষস্থানীয় নেতা জানান, সিলেট বিএনপিতে দীর্ঘদিন ধরে দুটি বলয় সক্রিয়। একটি আরিফুল হক চৌধুরী এবং অন্যটি খন্দকার মুক্তাদির বলয়। এই বলয়ভিত্তিক রাজনীতি ইতোমধ্যেই দলকে সাংগঠনিকভাবে দুর্বল করেছে।

তিনি বলেন, শুক্রবারের ঘটনাটি সেই দ্বন্দ্বের প্রকাশ্য বহিঃপ্রকাশ। এই অবস্থায় কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ ছাড়া সিলেট বিএনপির ঐক্য নিশ্চিত করা কঠিন হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। সভায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, শাবিপ্রবির সহ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক শামীমুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা