ওসমানীনগরে অ*ভিযান, ৮৮ হাজার টাকা জ*রিমানা
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১০ AM

ওসমানীনগরে অ*ভিযান, ৮৮ হাজার টাকা জ*রিমানা

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১২/০৬/২০২৫ ০২:২৮:৫২ AM

ওসমানীনগরে অ*ভিযান, ৮৮ হাজার টাকা জ*রিমানা


সিলেটের ওসমানীনগরে হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ অভিযানে ২৮টি যানবাহনকে ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ জুন) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর অংশে এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের একাধিক টিম নিয়ে অভিযানে নেতৃত্ব দেন তামাবিল হাইওয়ের পুলিশ পরিদর্শক সঞ্জয় চক্রবর্তী। এসময় মহাসড়কের বিভিন্ন অংশে টহল ও তল্লাশিকালে অবৈধ ও কাগজপত্রবিহীন যানবাহন শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। চেকপোস্টে টমটম, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল, মাইক্রোবাস, ট্রাক ও পিকআপসহ বিভিন্ন যানবাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, ইন্স্যুরেন্স ও গাড়ির বৈধতা যাচাই করা হয়। অভিযানকালে ১ টি পিকআপ, ১টি মাইক্রোবাস, ১টি প্রাইভেটকার, ১১টি মোটরসাইকেল, ২টি সিএনজি অটোরিকশা ও ১২টি ইজিবাইকসহ মোট ২৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়।

তামাবিল হাইওয়ের পুলিশ পরিদর্শক সঞ্জয় চক্রবর্তী বলেন, জননিরাপত্তা ও সড়কপথের শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা অভিযান চালিয়ে ২৮টি যানবাহনকে ৮৮ হাজার টাকা জরিমানা করেছি। এ ধরনের তল্লাশি কার্যক্রমে স্থানীয় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং নিয়ম মেনে যানবাহন চলাচলের প্রবণতাও বাড়ছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর