ছবি: নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, জনসংখ্যা "বোঝা" নয়, বরং এটি একটি "সম্পদ"। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার জন্য দক্ষ মানবসম্পদ তৈরি করা জরুরি। একটি দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারলে জনসংখ্যা বৃদ্ধি বোঝা হবে না দেশের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে।
সোমবার ১৪ জুলাই দুপুরে উপজেলা কনফারেন্স হল রুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ইউএনও বলেন, তাদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা, এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। এছাড়াও, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হলে, তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং তাদের দক্ষ করে তুলতে হবে। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারলে, এটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
"ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুন্যের ক্ষমতায়ন" এই প্রতিপাদ্যে আলোচনা সভায় যারা উপজেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শকের সম্মাননা পেয়েছেন তাদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, শ্রেষ্ঠত্ব অর্জন করা মানে আরো দায়িত্ব বেড়ে যাওয়া। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করা এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। পরিবার পরিকল্পনা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং পরিকল্পিত পরিবার গঠনে উৎসাহিত করা। এসব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে, জনসংখ্যাকে দেশের জন্য একটি মূল্যবান সম্পদে রূপান্তর করতে পারে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ বদরুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মেডিকেল অফিসার ডাক্তার রাজীব দেবনাথ ( মা ও শিশু স্বাস্থ্য বিভাগ),গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আব্দুল মালিক,সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকবৃন্দ। পরিশেষে উপজেলা পর্যায়ে দুইজন এবং ইউনিয়ন পর্যায়ে একজন মোট তিনজনকে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শকের সম্মাননা উপহার দেওয়া হয়।
জৈন্তাবার্তা / মনোয়ার




