হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে সমালোচনায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:০৩ PM

হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে সমালোচনায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৫/২০২৬ ০৯:২৪:৪৭ PM

হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে সমালোচনায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা

সংগৃহিত


সিলেট সিটি করপোরেশন–এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও যুগ্ম সচিব মোহাম্মদ রেজাই রাফিন সরকার–এর হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত বুধবার নিজের ফেসবুক আইডিতে ৫৮ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন তিনি। ভিডিওতে দেখা যায়, সিলেট এয়ারপোর্ট সড়কে তিনি হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালাচ্ছেন। তাঁর পেছনের আসনে থাকা স্ত্রীও ছিলেন হেলমেটবিহীন।

ভিডিওটির ক্যাপশনে রেজাই রাফিন লিখেন, 'আজ সকাল সাড়ে ৬টায় সিলেট এয়ারপোর্ট রোডে ফাঁকা রাস্তায় একটু বাইক চালালাম। তাই হেলমেট পরা হয়নি। তবে হেলমেট ছাড়া বাইক চালানো ঠিক না। নেক্সট টাইম অবশ্যই হেলমেট ইউজ করব।”

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই মন্তব্য করেন, সড়ক নিরাপত্তা ও আইন মানার বিষয়ে সচেতনতা তৈরির দায়িত্ব যেখানে সরকারি কর্মকর্তাদেরও রয়েছে, সেখানে একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন আচরণ দায়িত্বহীনতার পরিচয় বহন করে। অনেকে আরও বলেন, দেশের প্রচলিত সড়ক পরিবহন আইনে চালক ও আরোহী উভয়ের জন্য হেলমেট ব্যবহার বাধ্যতামূলক।

আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, তিনি ভিডিওর ক্যাপশনেই হেলমেট না পরার বিষয়টি ভুল হিসেবে স্বীকার করেছেন। তাঁর ভাষ্য, খুব সকালে ফাঁকা রাস্তায় অল্প সময়ের জন্য ভিডিও ধারণ করতে গিয়ে তিনি হেলমেট ব্যবহার করেননি। তবে ভবিষ্যতে এমন হবে না বলেও জানান তিনি।

তিনি আরও দাবি করেন, সাধারণত তিনি নিয়ম মেনেই হেলমেট পরে মোটরসাইকেল চালান এবং ভিডিও করার উদ্দেশ্যেই এক মিনিটেরও কম সময় হেলমেট ছাড়া বাইক চালিয়েছিলেন। পরে সমালোচনার মুখে তিনি ফেসবুক থেকে ভিডিওটি সরিয়ে ফেলেন।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেট–এর সমন্বয়ক আবদুল করিম চৌধুরী বলেন, একজন সরকারি কর্মকর্তা নিজেই ভিডিও প্রকাশ করায় ঘটনার সত্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তাঁর মতে, আইন সবার জন্য সমান এই বার্তা প্রতিষ্ঠায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

জৈন্তা বার্তা / ওয়াদুদ