ছবি:নিজস্ব
জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম আবু তুরাবের হত্যাকারীদের অবিলম্বে বিচারের দাবি জানিয়েছেন সাংবাদিক, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
তারা বলেন, “এই হত্যার বিচার না হলে জুলাই আন্দোলনের চেতনা কলুষিত হবে। শহীদ তুরাবের আত্মত্যাগ বৃথা যাবে না—এটাই আমাদের প্রত্যয়।”
আজ শনিবার দুপুরে সিলেট প্রেসক্লাবে এটিএম আবু তুরাবের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ দাবি জানানো হয়।
সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার রেজাউল করিম (পিপিএম), বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
বক্তারা বলেন, "সাংবাদিক তুরাবকে হত্যার মধ্য দিয়ে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। এ হত্যাকাণ্ডের বিচার না হলে ভবিষ্যতে কেউ নিরাপদ থাকবে না।"
আলোচনা শেষে শহীদ আবু তুরাবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
জৈন্তাবার্তা / সুলতানা




