সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন ও প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, সিলেট-কক্সবাজার সরাসরি বিমান রুট চালুসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সিলেটের আকাশ যোগাযোগ সম্প্রসারণে সরকার কাজ করছে।
শুক্রবার (২৯ মে) বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলার নিজ গ্রামে দলীয় নেতাকর্মী, এলাকাবাসী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, চীনের গুয়াংঝুসহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে প্রবাসীদের যাতায়াত আরও সহজ হবে, পর্যটন শিল্পের প্রসার ঘটবে এবং আঞ্চলিক অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
প্রবাসীদের নিরাপত্তা ও হয়রানি প্রসঙ্গে তিনি বলেন, বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে প্রবাসীদের হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রবাসীদের জায়গা-জমি ও বসতভিটা দখল, চাঁদাবাজি এবং পারিবারিক বিরোধসংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধ দমনে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে এবং এসব অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সিলেট-২ আসনসহ পুরো সিলেট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা খাত এবং অবকাঠামোগত উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।
উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি আরও বলেন, ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থের সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্যাণ ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সাংবাদিকদের উদ্দেশে হুমায়ুন কবির বলেন, দুর্নীতির বিরুদ্ধে তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গণমাধ্যমকে আরও সাহসী ভূমিকা পালন করতে হবে। কোনো সাংবাদিক সত্য প্রকাশের কারণে হয়রানির শিকার হলে সরকার তার পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
জৈন্তাবার্তা/আরআর




