৬৮ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করলো এসএমপি
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:০১ PM

৬৮ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করলো এসএমপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৬/২০২৬ ০৭:৫৮:৪৬ PM

৬৮ মোবাইল ফোন উদ্ধার করে  মালিকদের কাছে হস্তান্তর করলো এসএমপি

ছবি:সংগৃহীত


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট ও GenieA Team-এর বিশেষ প্রচেষ্টায় উদ্ধার করা ৬৮টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৯ জুন ২০২৬) দুপুর ১২টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর সভাপতিত্বে মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

এসএমপি জানায়, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ সালে মোবাইল ফোন উদ্ধার টিম গঠনের পর থেকে এখন পর্যন্ত মোট ২৩০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন পর নিজেদের হারানো মোবাইল ফিরে পেয়ে মালিকরা সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পুরাতন মোবাইল ফোন কেনার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, পুরাতন মোবাইল কেনার সময় বিক্রেতার পরিচয়, বৈধ কাগজপত্র এবং ডিভাইসের IMEI নম্বর যাচাই করে নিতে হবে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার সিলেট মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন।

তিনি জানান, গত ২৭ জুন কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘর এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে কুখ্যাত ৩ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৩০ জনকে আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ১২টি চাকু, ২৩টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ২৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ উদ্ধারকৃত মোবাইল ফোনের মালিকরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ