হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:০১ PM

পুশ-ইনের চেষ্টা প্রতিরোধে কঠোর অবস্থান

হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৬/২০২৬ ০৮:০৭:৪২ PM

হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন

ছবি:সংগৃহীত


হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায়  পুশ-ইনের চেষ্টা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে ১০৩ কিলোমিটার সীমান্তজুড়ে টহল, গোয়েন্দা নজরদারি ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, পুলিশ, আনসার-ভিডিপি, গ্রাম পুলিশ, স্থানীয় কৃষক, চা শ্রমিক ও সাধারণ মানুষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় নিয়মিত উঠান বৈঠক, মাইকিং ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয়দের সম্পৃক্ত করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজিবির তথ্য অনুযায়ী, সম্প্রতি ভারত থেকে পুশ-ইনের চেষ্টা বেড়ে যাওয়ায় ৫৫ বিজিবির আওতাধীন ১৬টি সীমান্ত ফাঁড়ি (বিওপি) থেকে ২৪ ঘণ্টা টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। তবে এ পর্যন্ত হবিগঞ্জ সীমান্ত দিয়ে কোনো পুশ-ইন বা অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, গত ২৭ ও ২৮ জুন রাতে এবং ভোরে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ও চুনারুঘাট উপজেলার গুইবিল সীমান্ত এলাকায় বিএসএফের কথিত একাধিক পুশ-ইনের চেষ্টা করা হয়। বিজিবির টহলদল ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় এসব প্রচেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘হবিগঞ্জ সীমান্তে আমরা একা নই। বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি, স্থানীয় কৃষক, চা শ্রমিক ও সাধারণ মানুষ সবাই মিলে সীমান্ত রক্ষায় কাজ করছি। দেশের প্রতিটি ইঞ্চি সীমান্ত সুরক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। যেকোনো ধরনের পুশ-ইন বা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।’

তিনি আরও বলেন, বর্তমানে হবিগঞ্জ জেলার সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ৫৫ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ