গোয়াইনঘাট প্রেসক্লাবের সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রেসক্লাবের সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৭/১০/২০২৬ ০৪:০৩:০৫ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রেসক্লাবের সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা

সংগৃহিত


টানা দ্বিতীয় মেয়াদে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মো. করিম মাহমুদ লিমনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের গোয়াইনঘাট উপজেলা শাখা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিয়া উদ্দিনের সভাপতিত্বে এবং সংগঠনটির সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির গোয়াইনঘাট উপজেলা শাখার উপদেষ্টা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি জামিল আহমদ মাসুম ও সাংবাদিক আলী হোসেন।

এ সময় গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ মির্জাসহ গ্রাম পুলিশ বাহিনীর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গোলাম আম্বিয়া কয়েস বলেন, সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মো. করিম মাহমুদ লিমন গোয়াইনঘাটের মানুষের আস্থা অর্জন করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া তাঁর প্রতি গণমাধ্যমকর্মী ও স্থানীয় সমাজের আস্থা ও বিশ্বাসেরই প্রতিফলন।

তিনি বলেন, গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে, অন্যদিকে সাংবাদিকেরা সমাজের আয়না হিসেবে দায়িত্ব পালন করেন। কে.এম. লিমন আগামী দিনেও তাঁর লেখনীর মাধ্যমে গোয়াইনঘাটের উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যাগুলো তুলে ধরে এলাকার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবর্ধিত অতিথির বক্তব্যে কে.এম. লিমন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁদের ভালোবাসা ও সম্মান তাঁর দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। গ্রাম পুলিশ সদস্যরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে গ্রামীণ জনপদের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় দিনরাত কাজ করেন।

তিনি বলেন, গ্রাম পুলিশ সদস্যদের ন্যায্য অধিকার, দুঃখ-দুর্দশা ও সমস্যার কথা লেখনীর মাধ্যমে তুলে ধরতে তিনি অতীতেও সচেষ্ট ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। গোয়াইনঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে অবহেলিত ও মেহনতি মানুষের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের গোয়াইনঘাট উপজেলা শাখার পক্ষ থেকে সংবর্ধিত অতিথি মো. করিম মাহমুদ লিমনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, মো. করিম মাহমুদ লিমন দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক ‘এদিন’, সিলেটের আঞ্চলিক দৈনিক ‘কাজির বাজার’ এবং ‘নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টিভি’র গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক
মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক
ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাটে পুসাগের সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ