সংগৃহিত
সিলেট নগরীর কানিশাইল খেয়াঘাট এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানের সময় সুরমা নদীতে ঝাঁপ দেওয়া জজ মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নদী থেকে উদ্ধারের পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কোতোয়ালি মডেল থানাধীন কানিশাইল খেয়াঘাট এলাকায় শিলং তীর জুয়াবিরোধী অভিযান চালায় ডিবি পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চার-পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। এ সময় জজ মিয়াও পালানোর চেষ্টা করে সুরমা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত জজ মিয়া সুনামগঞ্জের তাহিরপুর থানার বাদাঘাট এলাকার মৃত মৌলু মিয়ার ছেলে। তিনি বর্তমানে সিলেট নগরীর কোতোয়ালি থানার শামিমাবাদ এলাকায় বসবাস করতেন। পেশায় তিনি একজন রিকশাচালক ছিলেন।
পুলিশ আরও জানায়, জজ মিয়ার আগে থেকেই হৃদ্রোগজনিত সমস্যা ছিল বলে তারা জানতে পেরেছে।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




