ছবি:সংগৃহীত
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তর থেকে শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে সীমান্তের ১৩২৮ নম্বর পিলারসংলগ্ন এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত শাহিন আহমদ কানাইঘাট উপজেলার কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। তাঁর স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৯ অক্টোবর) রাতে শাহিন বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। পরদিন শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন সোনারখেওড় গ্রামের কৃষিজমিতে তাঁর গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি তাঁর পরিবারের সদস্যদের জানান।
নিহতের বড় ভাই জসিম উদ্দিন বিষয়টি কানাইঘাট থানা-পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সোনারখেওড় সীমান্ত এলাকা থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর পিঠে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




