ছবি:সংগৃহীত
সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরের বাসস্ট্যান্ডসংলগ্ন ৪০ বছরের পুরোনো পত্রিকার শেড রক্ষায় জেলা প্রশাসকের (ডিসি) হস্তক্ষেপ কামনা করেছেন শেডটির স্বত্বাধিকারী মো. আব্দুস ছালাম।
আব্দুস ছালাম জানান, দীর্ঘ চার দশক ধরে সরকারি পরিত্যক্ত জায়গায় নির্মিত এই শেডে পত্রিকা বিক্রি করে ছয় সদস্যের পরিবারের জীবিকা নির্বাহ করে আসছেন তিনি। বর্তমানে শেডটির মাঝ বরাবর ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হলে সেটি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে তাঁর একমাত্র আয়ের পথও বন্ধ হয়ে যাবে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, শেডটির সামনে পর্যাপ্ত সরকারি খালি জায়গা রয়েছে। সেখানে ড্রেন নির্মাণ করা হলে একদিকে যেমন ড্রেন নির্মাণের কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে, অন্যদিকে তাঁর পত্রিকার শেড ও ব্যবসাও রক্ষা করা যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বালাগঞ্জ উপজেলা সদরের এই শেড থেকে স্থানীয় মানুষ বিভিন্ন দৈনিক পত্রিকা ও সাময়িকী সংগ্রহ করে আসছেন। ফলে বিকল্প ব্যবস্থা না করে শেডটি ক্ষতিগ্রস্ত হলে স্থানীয় পাঠকরাও পত্রিকা সংগ্রহের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।
এ অবস্থায় বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে বিকল্প স্থানে ড্রেন নির্মাণের মাধ্যমে ৪০ বছরের পুরোনো পত্রিকার শেডটি রক্ষা করতে জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন আব্দুস ছালাম ও তাঁর পরিবারের সদস্যরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




