ছবি:সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন পাঠানপাড়া এলাকায় সড়ক ও জনপথের ভূমিতে দেয়াল নির্মাণের চেষ্টা করেছে একটি মহল। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে দেয়াল নির্মাণকাজ বন্ধ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাঠানপাড়া এলাকায় দৈনিক জৈন্তাবার্তা কার্যালয় ও ইউনিক কার ওয়াশের সামনে সড়ক ও জনপথের (সওজ) ৪ শতক জায়গা দখল করে দেয়াল নির্মাণের চেষ্টা করে একটি মহল। স্থানীয় আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিনের লোকজন দেয়াল নির্মাণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠেছে।
২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা তৌসিফ বক্স লিপন এবং বিএনপি নেতা আক্তারের যোগসাজশে নাছির উদ্দিনের লোকজন দক্ষিণ সুরমার গোটাটিকর মৌজার ৬০০১ দাগের (সওজের জমি) ভূমিতে দেয়াল নির্মাণের চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন ৬০০৩ নম্বর দাগের জমির মালিক লন্ডন প্রবাসী কাওছার আহমদ শিপলু।
তিনি জানান, ইউনিক কার ওয়াশের কর্মীরা দেওয়াল নির্মাণ কাজে বাধা দিলে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরবর্তীতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তাৎক্ষণিকভাবে দেয়াল নির্মাণের কাজ বন্ধ করার নির্দেশ দেয়।
কাওছার আহমদ শিপলু জানান, ৬০০১ দাগে সড়ক ও জনপথের অধিগ্রহণ করা ৪ শতক ভূমি রয়েছে। দীর্ঘদিন ধরে এই ভূমি দখলের চেষ্টা করছে একটি মহল। সর্বশেষ প্রকাশিত প্রিন্ট পরচায়ও এই ভূমির মালিক হিসেবে সড়ক ও জনপথ বিভাগের নাম রয়েছে।
তিনি জানান, ওয়ান ইলেভেনের চক্রটি এই ভূমিতে তিনটি দোকান কোটা নির্মাণ করে এই চক্র।সড়ক ও জনপথ বিভাগের অনুরোধে ওই সময় সেনাবাহিনী অবৈধ এসব দোকান কোটা উচ্ছেদ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, আইনশৃঙ্খলা রক্ষার্থে বর্তমানে কাজ বন্ধ রাখা হয়েছে। একই সাথে জমির মালিকানা দাবি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষকে নিজ নিজ প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




