ছবি:সংগৃহীত
শত শত শিক্ষার্থীর করতালি আর উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারের বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে যুক্ত হলো নতুন অধ্যায়। বিদ্যালয়টির প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো প্রকাশিত ম্যাগাজিন ‘সতীর্থের জলছবি’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ম্যাগাজিনটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। বিদ্যালয়ের ইতিহাস ও ছাত্রীদের সুপ্ত সাহিত্যিক প্রতিভাকে মলাটবন্দি করে প্রকাশিত এ ম্যাগাজিনের প্রকাশনা উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ‘সতীর্থের জলছবি’ ম্যাগাজিনের সম্পাদক মো. জুনেদ রায়হান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে ম্যাগাজিনটির বিষয়বস্তু ও সাহিত্যমান নিয়ে আলোচনা করেন বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু। ‘সতীর্থের জলছবি’র মননশীলতা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন কবি ও প্রকাশক মুজাহিদ আহমদ এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা সঞ্চিতা শর্মা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুস সবুর, তৈয়মুনেছা খানম একাডেমি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, ফুলতলা-সাগরনাল শাহনিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, বড়লেখা-জুড়ী আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমদের রাজনৈতিক সচিব জয়ানাল আবেদীন, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বিধান দে।
বিদ্যালয়ের শিক্ষিকা মরিয়ম জামিলার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ময়নুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহবুব আলম মাহবুব বলেন, ‘একটি বিদ্যালয়ের প্রাণ কেবল পাঠ্যবইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে না; তা বিকশিত হয় এমন সৃষ্টিশীল কাজের মাধ্যমে। “সতীর্থের জলছবি” বড়লেখার নারী শিক্ষার ইতিহাসে একটি নতুন পালক যোগ করল।’
বিশেষ অতিথিরা বলেন, কিশোরী বয়সের ভাবনা, সৃজনশীলতা ও মেধার এই প্রকাশনা ভবিষ্যতে এ অঞ্চলের ছাত্রীদের আত্মপ্রত্যয়ী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে।
দীর্ঘ প্রতীক্ষার পর বিদ্যালয়ের প্রথম ম্যাগাজিন প্রকাশিত হওয়ায় শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটি, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়। সকাল ১১টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানের একপর্যায়ে মোড়ক উন্মোচনের পর অতিথিরা শিক্ষার্থীদের হাতে ম্যাগাজিনের কপি তুলে দেন।
নিজেদের ও সহপাঠীদের লেখা প্রথমবার মুদ্রিত আকারে হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




