দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ PM

জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ০৫:২০:৪০ PM

দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম

সংগৃহিত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ দখলমুক্ত করে খেলাধুলার উপযোগী করার পাশাপাশি সেখানে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অবৈধভাবে দখল হয়ে থাকা খেলার মাঠগুলো দখলমুক্ত করে খেলাধুলার উপযোগী করার জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

মঙ্গলবার (৬ অক্টোবর) শ্রীমঙ্গলে প্রস্তাবিত মিনি স্টেডিয়াম নির্মাণের স্থান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তুলতে দেশের জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন ও ব্যবহারোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ এবং শহরের প্রতিটি ওয়ার্ডে ফুটসাল বা ছোট আকারের মাঠ তৈরির পরিকল্পনাও রয়েছে।’

শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ প্রসঙ্গে আমিনুল হক বলেন, যেসব খেলার মাঠ অবৈধভাবে দখল হয়ে আছে, সেগুলো অবমুক্ত করে খেলাধুলার উপযোগী করতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। শ্রীমঙ্গলেও ক্রীড়া অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমির পাশাপাশি মাঠ, ড্রেসিং রুমসহ প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। এর অংশ হিসেবে শ্রীমঙ্গলে একটি মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে।

দেশের জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ফুটবল, ক্রিকেট, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকিসহ সম্ভাবনাময় বিভিন্ন খেলার নিয়মিত আয়োজনের সুযোগ তৈরি করা হবে। এ লক্ষ্যে সারা দেশের জেলা স্টেডিয়াম আধুনিকায়নে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের ডিপিপি প্রণয়নসহ প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, জেলা স্টেডিয়ামগুলোকে আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ ক্রীড়া কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ জন্য গ্যালারি, ড্রেসিং রুম, প্রেস বক্সসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে আমিনুল হক বলেন, দেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শহরের প্রতিটি ওয়ার্ডেও ফুটসাল কিংবা ছোট আকারের মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাবিষয়ক পাঠ্যপুস্তক সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াবিদদের সাফল্যের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, শুধু অংশগ্রহণ নয়, সম্ভাবনাময় খেলাগুলোতে পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চায় সরকার। এ লক্ষ্যে বছরব্যাপী প্রশিক্ষণ ও প্রতিভাবান খেলোয়াড় তৈরির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের মতো আন্তর্জাতিক আসরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান তৈরির লক্ষ্যে দীর্ঘমেয়াদি প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সরফরাজ আহমদ সরফুসহ ক্রীড়া সংগঠক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।


জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ: