গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন: দেড় লাখ টাকা জরিমানা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ PM

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন: দেড় লাখ টাকা জরিমানা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৪/০৯/২০২৬ ০৮:৪৪:৪০ PM

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন: দেড় লাখ টাকা জরিমানা

ছবি:সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার বালির হাওর ও বুধিগাঁও হাওরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) টানা পাঁচ ঘণ্টার অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বালির হাওর ও বুধিগাঁও হাওর এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দলের সহযোগিতায় টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালতের সমন্বয়ে সেখানে ঝটিকা অভিযান চালানো হয়।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাদের মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন ঘটনাস্থলেই ভেঙে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়।

অভিযান শেষে স্থানীয় জনসাধারণ ও অংশীজনদের নিয়ে পরিবেশ রক্ষা এবং অবৈধভাবে বালু উত্তোলনের ক্ষতিকর দিক সম্পর্কে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন বলেন, “পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান ও নিয়মিত নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই কাউকে অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন করতে দেওয়া হবে না।”


জৈন্তা বার্তা/ ওয়াদুদ