মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৬১ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৪২টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টা থেকে পরদিন বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় আটক এবং মেট্রো অধ্যাদেশে গ্রেপ্তারকৃতরা রয়েছেন।
অভিযানে ৫১ পিস ইয়াবা ও ১৪ বোতল দেশীয় কেরু কোম্পানির মদ জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
এদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মোট ১৪২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৭৮টি যানবাহন জব্দ করা হয়েছে।
এসএমপির পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে আজ আদালতে সোপর্দ করা হচ্ছে। নিরাপদ মহানগর গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তাবার্তা/আরআর




