জানুয়ারি থেকে শুরু হতে পারে ইউপি নির্বাচন
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ PM

জানুয়ারি থেকে শুরু হতে পারে ইউপি নির্বাচন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৯/২০২৬ ০৫:০৮:০১ PM

জানুয়ারি থেকে শুরু হতে পারে ইউপি নির্বাচন

ছবি:সংগৃহীত


নভেম্বর ও ডিসেম্বরে শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় এ সময়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করার সুযোগ দেখছে না নির্বাচন কমিশন (ইসি)। পরীক্ষা শেষ হওয়ার পর আগামী বছরের জানুয়ারি থেকে স্থানীয় সরকারের এই নির্বাচন শুরু করা যেতে পারে বলে আশা করছে কমিশন। তবে এখনো কোনো তারিখ চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

এর আগে ১২ নভেম্বর থেকে শুরু করে সাত ধাপে ইউপি নির্বাচনের একটি সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছিল ইসি। গত ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করে কমিশন। সেখানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নভেম্বর ও ডিসেম্বরে নির্বাচন আয়োজনের সুযোগ নেই। পরে ইসি জানায়, আরও আলোচনা করে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

সরকারের চাপে ইউপি নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে ইসি পিছিয়ে যাচ্ছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘মোটেই না। বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে লাখ লাখ শিক্ষার্থীর পড়ালেখা যাতে বিঘ্নিত না হয়, সেটি বিবেচনায় নিচ্ছে ইসি।’

নির্বাচনের সময় পিছিয়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, নির্বাচন কমিশন বিভিন্ন বিষয় বিবেচনা করেই নির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়। এর আগে একটি সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু ১২ নভেম্বরের পরপরই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। এর সঙ্গে বন্যার কারণে পিছিয়ে যাওয়া কিছু পরীক্ষা সমন্বয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠ্যসূচি শেষ করার বিষয়ও রয়েছে।

তিনি বলেন, পরীক্ষার আগে ব্যাপকভাবে নির্বাচনী প্রচার শুরু হলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারে। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে ইউপি নির্বাচনের সময় কিছুটা পিছিয়ে যেতে পারে।

আনোয়ারুল ইসলাম সরকার আরও বলেন, ‘রমজান, ঈদ, পূজা, এসএসসি ও এইচএসসি পরীক্ষা-এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যেই সবদিক বিবেচনায় রেখে যাতে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়, ইসি সে বিষয়ে চিন্তাভাবনা করছে।’

সরকারের চাপে ইসি নির্বাচন পেছাচ্ছে-এমন ধারণা নাকচ করে তিনি বলেন, “ইসি সংবিধান ও আইনের বাইরে গিয়ে কোনো কাজ করে না। সংবিধান, আইন এবং বাস্তবতা বিবেচনা করেই কমিশন সিদ্ধান্ত নেয়।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ