ছবি:সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় এবার ৫৫টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। এর মধ্যে ৪৩টি সর্বজনীন এবং ১২টি ব্যক্তিগত পূজামণ্ডপ রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন মণ্ডপে পূজার প্রস্তুতি কাজ শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজা উপলক্ষে সর্বজনীন পূজামণ্ডপগুলোতে সরকারিভাবে চাল বরাদ্দ দেওয়া হচ্ছে। বরাদ্দকৃত চাল ইতোমধ্যে উপজেলা প্রশাসনের কাছে পৌঁছেছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট পূজামণ্ডপের দায়িত্বশীলদের কাছে এসব চাল হস্তান্তর করা হবে।
এদিকে দুর্গাপূজাকে ঘিরে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে প্রশাসন। প্রত্যেক পূজামণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক ও বিদ্যুৎ ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা রাখার জন্য নির্দেশনা দেওয়া হবে। এছাড়া পূজামণ্ডপগুলোতে তিন স্তরের আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার বলেন, প্রতি বছর সর্বজনীন পূজামণ্ডপের জন্য ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। এবার তা বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে। ইতোমধ্যে বরাদ্দকৃত চাল উপজেলা প্রশাসনের কাছে পৌঁছেছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এসব চাল পূজামণ্ডপের দায়িত্বশীলদের কাছে হস্তান্তর করা হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




