শেভরনের গ্যাস প্ল্যান্টে ১৪২ নিরাপত্তাকর্মীর চাকরিচ্যুতির প্রতিবাদে সমাবেশ
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

শেভরনের গ্যাস প্ল্যান্টে ১৪২ নিরাপত্তাকর্মীর চাকরিচ্যুতির প্রতিবাদে সমাবেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৬ ০৯:৪৬:৪৯ অপরাহ্ন

শেভরনের গ্যাস প্ল্যান্টে ১৪২ নিরাপত্তাকর্মীর চাকরিচ্যুতির প্রতিবাদে সমাবেশ

ছবি:সংগৃহীত


সিলেটের লাক্কাতুরায় শেভরনের জালালাবাদ গ্যাস প্ল্যান্টে কর্মরত ১৪২ জন নিরাপত্তাকর্মীকে চাকরিচ্যুতির প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় আলুতল গ্যাস প্ল্যান্টের (অক্সি) গেটসংলগ্ন এলাকায় বৃহত্তর এলাকাবাসীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ সোহেল।

সমাবেশে বক্তারা বলেন, শেভরনের জালালাবাদ গ্যাস প্ল্যান্টে কর্মরত ১৪২ জন নিরাপত্তাকর্মীকে হঠাৎ চাকরিচ্যুত করায় তাঁদের পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। চাকরি হারিয়ে এসব কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা আর্থিক সংকটে পড়ার আশঙ্কা করছেন।

বক্তারা জানান, এ বিষয়ে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে লিখিত দাবি জানানো হয়েছে। তাঁরা এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রীদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, ইসলামপুর বাজারের ব্যবসায়ী আব্দুল মালেক, রেনেসা যুব সংঘের সভাপতি রেজাউল ইসলাম রনি, বাঘমারা আলোর দিশারি যুব সংঘের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সূর্য সংঘের সাংগঠনিক সম্পাদক আবু হানিফা, ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. টুনু মিয়া, বিশিষ্ট মুরব্বি মো. সাদিক মিয়া, শ্রমিক দল নেতা মাসুক মিয়া, সমাজসেবক সাদিকুর রহমান, আব্দুল কাদির ও ইজ্জাদ আহমদ প্রমুখ।

চাকরিচ্যুত নিরাপত্তাকর্মীদের পক্ষে বক্তব্য দেন নির্মলেন্দু দেব, মো. আলাউদ্দিন, ফারুক আহমদ, মো. আব্দুল মালেক, মো. আবুল কালাম ও মো. জাইরুল ইসলাম।

সমাবেশে বক্তারা অবিলম্বে ১৪২ জন নিরাপত্তাকর্মীর চাকরিচ্যুতির সিদ্ধান্ত প্রত্যাহার করে তাঁদের স্বপদে পুনর্বহালের দাবি জানান। অন্যথায় প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: