সংগৃহিত
হবিগঞ্জের মাধবপুরে পুরাতন কম্বল ও ব্যবহৃত কাপড়ের বস্তার ভেতরে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে মাধবপুর উপজেলার হরষপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির একটি দল। ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুরাতন কম্বল ও ব্যবহৃত কাপড়ের বস্তায় তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহন ও সংশ্লিষ্টতার অভিযোগে দুজনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মঞ্জুর আলীর ছেলে জসীম উদ্দিন (৩৮) এবং জয়নগর গ্রামের আব্দুল জাহেরের ছেলে আব্দুল খালেক (৬০)।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ইকতিয়ার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, মাদক প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




