পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্তন শুরু রোববার
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্তন শুরু রোববার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৬ ১১:৩৯:২০ অপরাহ্ন

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্তন শুরু রোববার

ছবি:সংগৃহীত


কলিযুগপাবন শ্রীশ্রী মহাপ্রভুর প্রীতার্থে সিলেট নগরের পনিটুলায় শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হবে এ মহোৎসব। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিভিন্ন ধর্মীয় আয়োজন ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে।

সিলেট নগরের ব্লক-বি, ৫৭ নম্বর পল্লবী আবাসিক এলাকা, পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় এ মহোৎসব অনুষ্ঠিত হবে। এর সার্বিক পরিচালনায় রয়েছেন গৌড়ীয় বৈষ্ণব সমাজ সিলেট বিভাগের সভাপতি ও আখড়ার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।

আয়োজক সূত্রে জানা গেছে, ১১ অক্টোবর রোববার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। পাঠ পরিবেশন করবেন বিশিষ্ট পাঠক ও কীর্তনীয়া শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস (বাবুল)। রাত ৯টায় শুভ অধিবাস সংকীর্তন পরিবেশন করবেন নেত্রকোনার শ্রীযুক্ত অধীর ভৌমিক।

১২ অক্টোবর সোমবার ব্রাহ্মমুহূর্ত থেকে শুরু হবে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ। দুপুর ১টায় মহাভোগারতি দর্শন এবং দুপুর ২টায় গৌরভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

মহোৎসবে সংকীর্তন পরিবেশন করবেন শ্রীশ্রী মহাপ্রভু সংঘ, পনিটুলা, সিলেটের শিল্পীরা। এ ছাড়া কীর্তন পরিবেশন করবেন বিনোদ বিহারী দাস (বাবুল), মৌলভীবাজারের নারায়ণ মল্লিক, বালাগঞ্জের রূপম ধর, নেত্রকোনার অধীর ভৌমিক ও সিলেটের নেপাল তালুকদার।

১৩ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টায় কলঙ্কমোচন এবং দুপুর ১টায় দধিভাণ্ড ভঞ্জন অনুষ্ঠিত হবে। এরপর হরিনাম সংকীর্তনের সমাপ্তি ও গৌরভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ এবং ফ্রান্সপ্রবাসী সুমা কারেরিক রায়, সিবান্তিয়া কারেরিক রায় (শিবাজী), ইভান ওম কারেরিক রায় (কৃষ্ণজিৎ), ইভ কারেরিক ও কলেত কারেরিক।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: