ছবি:সংগৃহীত
সিলেট-ঢাকা রেলপথে টিকিটের কালোবাজারি বন্ধ, ইকোনমি ক্লাসের ভাড়া সহনীয় পর্যায়ে রাখা, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন এবং সিলেট নগরের যানজট নিরসনসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে ডিএনবি।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা সাধারণ যাত্রীদের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রেহানা আফরোজ খান। স্বাগত বক্তব্য দেন ডিএনবির প্রতিষ্ঠাতা ও মহাসচিব শাকওয়াত আহমেদ আকিব। বিশেষ অতিথি ছিলেন আদিবা জান্নাত তুষি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিএনবির যুগ্ম জেপিএম শাফি আহমদ আতিক।
বক্তারা বলেন, সিলেট-ঢাকা রেলপথে টিকিটের কালোবাজারি বন্ধ করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ইকোনমি ক্লাসের ভাড়া নির্ধারণ করতে হবে। একই সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন ও সংস্কার এবং সড়ক ও ফুটপাতে নিরাপদে চলাচলের পরিবেশ নিশ্চিত করা জরুরি।
সিলেট নগরের যানজটের অন্যতম কারণ হিসেবে ফুটপাত দখল ও সড়কে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিষয়টি তুলে ধরেন বক্তারা। তাঁরা হকারদের নিয়মতান্ত্রিক পুনর্বাসনের পাশাপাশি যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এ ছাড়া ট্রাফিক পয়েন্ট থেকে প্রায় ১০০ মিটার দূরে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড স্থানান্তরের দাবিও জানান তাঁরা।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ডিএনবির কার্যকরী পরিষদের অর্থ সম্পাদক মিনহাজ আহমদ হাসান, ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক দেলওয়ার তালুকদার, দপ্তর ও প্রচার সম্পাদক আরমান খান এবং সাধারণ সদস্য মারজান খান, জায়েস গনি খান, নাইম, রুম্মন, সামি, হোসেন মোহাম্মদ মেহরাব, শাফি প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, নাগরিকদের স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করা একটি ন্যায্য প্রত্যাশা। সিলেট নগরকে যানজটমুক্ত, চলাচলবান্ধব ও সুশৃঙ্খল হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তাঁরা উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




