সংগৃহীত
বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, আইনি সহায়তা ও পুলিশি সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে দেশের উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালু হয়েছে সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায়। এই উদ্যোগকে প্রবাসীবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করা হচ্ছে।রবিবার (৫ জুলাই) দুপুর ১টায় গোলাপগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে ‘প্রবাসী হেল্প ডেস্ক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অপরিসীম। তাদের নানা সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধানের জন্য স্থানীয় পর্যায়ে এমন একটি সেবা চালু হওয়া অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। তিনি আশা প্রকাশ করেন, এই হেল্প ডেস্কের মাধ্যমে প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা সহজেই প্রয়োজনীয় পুলিশি সহায়তা ও আইনি পরামর্শ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নার্জিস ও গোলাম কবির চৌধুরী শাহিন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমদাদ হোসেন টিপু, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রবাসী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।সিলেট জেলা পুলিশ সুপার ড.চৌধুরী যাবের সাদেক জানান, ‘প্রবাসী হেল্প ডেস্ক’-এর মাধ্যমে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন ধরনের অভিযোগ দায়ের, আইনি পরামর্শ গ্রহণ, জিডি ও মামলা-সংক্রান্ত তথ্য এবং অন্যান্য পুলিশি সেবা আরও সহজ ও দ্রুত সময়ে গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে প্রবাসীদের নানা সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয়ও নিশ্চিত হবে।
দেশের মধ্যে উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো গোলাপগঞ্জ মডেল থানায় এ ধরনের সেবা চালু হওয়ায় এলাকাবাসী ও প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ভবিষ্যতে দেশের অন্যান্য উপজেলাতেও এ ধরনের ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালু করা হবে।
জৈন্তাবার্তা/সুলতানা




