ফের চালু বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৩৬ PM

ফের চালু বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৬ ০৫:৩৮:২৫ PM

ফের চালু বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

সংগৃহিত


দীর্ঘ দিন বন্ধ থাকার পর আবার চালু হলো বাংলাদেশ বিমানের সিলেট-ম্যানচেষ্টার সরাসরি ফ্লাইট। আজ রোববার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে ম্যানচেস্টার থেকে সরাসরি ফ্লাইটে সিলেট আসা যাত্রীদের স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

কখনো লোকসান, কখনো বিমান সংকট দেখিয়ে বন্ধ রাখা হয় সিলেট-ম্যানচেষ্টার সরাসরি ফ্লাইট। ফলে ঢাকায় অবতরণের পর বাড়তি ভাড়া ও ভোগান্তি সহ্য করে যাতায়াত করতে হয় সিলেটের বিপুল সংখ্যক প্রবাসীকে। বিশেষ করে বয়স্ক প্রবাসীরা যোগাযোগের ঝক্কির জন্য দেশে আসার সাহস পান না। এ ছাড়া, সিলেট রুটের বিমানের ভাড়া নিয়েও অসন্তোষ আছে যাত্রীদের মধ্যে। এ নিয়ে ধারাবাহিক আন্দোলন কর্মসূচিও করে বিভিন্ন প্রবাসী সংগঠন।

তবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সিলেট-ম্যানচেষ্টার ফ্লাইট নিয়মিত রাখার পাশাপাশি সিলেট বিমানবন্দরে আরও আন্তর্জাতিক ফ্লাইট বাড়ানো এবং প্রবাসী হয়রানি বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

আজ রোববার ২৬৮ জন যাত্রী নিয়ে ম্যানচেষ্টার থেকে সিলেট পৌঁছে বিমানের ফ্লাইট বিজি-২০৮। যাত্রীদের মধ্যে ২২৭ জন সিলেটে অবতরণ করেন।

এর আগে গতকাল শনিবার মোট ১৯২ জন যাত্রী নিয়ে ম্যানচেস্টারের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০৭। ওই ফ্লাইটে ১৭১ জন যাত্রী ছিলেন সিলেটের।

আজ যাত্রীদের স্বাগত জানানোর পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

সিলেট-ম্যানচেস্টার রুট ভবিষ্যতে আবার বন্ধ হয়ে যাবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা আর কোনো আন্দোলন চাই না। আমরা চাই, যে রুটটা চালু করেছি, সেটা চালুই থাকবে। আর সে ব্যাপারে সবার সহযোগিতাও লাগবে। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এটা চালু হয়েছে। সুতরাং এটা বন্ধ হওয়ার কোনো অবকাশ নেই।’

হিথ্রো থেকে ঢাকা ও সিলেটের ভাড়ার মধ্যে ব্যাপক পার্থক্য নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটা আমি যখন লন্ডনে গিয়েছিলাম, তখনও শুনেছি। আমাদের রেমিট্যান্স যোদ্ধারা যারা আছেন, তাদের একটু বেশি প্রায়োরিটি দিয়ে ভাড়া আরও কমানো যায় কিনা, তা নিয়ে কাজ করছে সরকার।’

সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইএ বন্ধ হয়ে যাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে, আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। যত দ্রুত সম্ভব এটা চালু করব।’

২০২৭ সালের মধ্যে ঝুলে থাকা সিলেট বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পের কাজ শেষ হবার সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, ‘এক্সটেনশনের কাজ চলছে, আপনারা ধরে নিতে পারেন ২০২৭ সালের দিকে আমরা হয়তো এটা হাতে পেয়ে যাব। এটা আন্তর্জাতিকভাবে আরও ফোকাসড হয়ে যাবে। আমাদের লক্ষ্য এটাকে বেশি প্রায়োরিটি দেওয়া, কারণ এখানে আমাদের প্রবাসী ভাইয়েরা অনেক বেশি আসতে চান।’

তিনি বলেন, ‘শুধু বিমান যাত্রী আনা-নেওয়াই নয়, আমরা সিলেটের টুরিজমটাও একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে চাই। এখানে অনেক জায়গা আছে, যেটাকে টুরিজম হাব হিসেবে তৈরি করা যায়। আমরা সেভাবেই কাজ করছি।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট আবারও চালু
ওসমানীনগরে জমি দ'খল করে মার্কেট নির্মাণের অ'ভিযোগ
অ*ব্যবস্থাপনা আর জনবল সংকটে জনদু*র্ভোগ
বাউল-ফকির, সন্ন্যাসী ও মাজারে হা*মলার অ*ভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের
সোমবার শুরু হচ্ছে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট
'কোনো প্র*তিকূল অবস্থাই জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না' - এমপি এমরান চৌধুরী
সমন্বিত উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
জৈন্তাপুরে ৪টি ভা'রতীয় এ'য়ারগান উ'দ্ধার
সিলেটসহ ৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শ'ঙ্কা
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী