ফ্যাসি/স্ট আমলের অ/সাধু ব্যবসায়ীদের কারণেই ঘরে ঘরে বিদ্যুতের ক/ষ্ট: এমপি এমরান
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ PM

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোলাপগঞ্জে র‌্যালি-ও সমাবেশ

ফ্যাসি/স্ট আমলের অ/সাধু ব্যবসায়ীদের কারণেই ঘরে ঘরে বিদ্যুতের ক/ষ্ট: এমপি এমরান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/০৯/২০২৬ ০৬:১৫:৫৩ PM

ফ্যাসি/স্ট আমলের অ/সাধু ব্যবসায়ীদের কারণেই ঘরে ঘরে বিদ্যুতের ক/ষ্ট: এমপি এমরান

ছবি:সংগৃহীত


সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিদ্যুৎ খাতের অর্থ লুটপাট ও পাচারের কারণেই বর্তমানে দেশের মানুষ বিদ্যুৎ সংকটে ভুগছেন। তবে সরকার দ্রুত এ সংকট কাটিয়ে উঠতে কাজ করছে বলে জানান তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত র‌্যালি-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌরপয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এমরান আহমদ চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৪৮ বছর আগে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি ছিল বলেই দেশের জনগণ বারবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। এরই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারিতে জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।

বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জানি, বিদ্যুৎহীনতায় আপনারা অনেক কষ্ট করছেন। কিন্তু একটি বিষয় বুঝতে হবে—বিগত ১৭ বছরে বিদ্যুৎ খাতের বিপুল অর্থ আওয়ামী লীগের ব্যবসায়ীরা দেশ থেকে পাচার করে নিয়ে গেছেন।’ তাঁর দাবি, এত বড় আর্থিক ক্ষতি মাত্র ছয় মাসে পূরণ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা বর্তমান সরকারের জন্য কঠিন।

তিনি আরও বলেন, যারা বিদ্যুৎ খাতে বড় ব্যবসা করেছেন, তাদের অনেকে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। আর দেশের মানুষ বিদ্যুৎ সংকটের ভোগান্তি পোহাচ্ছেন। তবে জনগণকে আরও কিছুদিন সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান করা হবে।

সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরে এমপি এমরান বলেন, সরকার ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। কৃষকদের জন্যও কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। শিশুদের স্কুলে খাবারের ব্যবস্থা, ইউনিফর্ম বিতরণ এবং নারীদের জন্য গ্র্যাজুয়েশন পর্যন্ত অবৈতনিক শিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এ এলাকার মানুষ বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করায় তিনি জনগণের প্রতি কৃতজ্ঞ। নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে কাজ করার চেষ্টা করছেন।

তিনি বলেন, ‘আমি চাই আমার এলাকার প্রতিটি নাগরিকের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক থাকুক। তারা যেন সরাসরি আমার কাছে আসতে পারেন।’

এ সময় তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে সিলেট থেকে শেওলা পর্যন্ত ছয় লেনের সড়কের কাজ আগামী মাস থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া বাঘা ব্রিজ ও কুড়ির বাজার ব্রিজের কাজ শেষ পর্যায়ে রয়েছে। চলতি বছরের মধ্যেই এসব সেতু দিয়ে চলাচল করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এমরান আহমদ চৌধুরী বলেন, ‘আমাকে দুই বছর সময় দেন, এই গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের রাস্তাঘাটের কোনো সমস্যা থাকবে না।’

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়ালে তা বরদাশত করা হবে না। কোথাও কোনো সমস্যা হলে দলের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি তাঁর সঙ্গেও যোগাযোগের আহ্বান জানান তিনি।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি। বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল ও সাধারণ সম্পাদক মনিরউজ্জামান উজ্জল।

এ ছাড়া জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৪টায় বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরপয়েন্টের সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ